আলেক্সান্ডার লাকাজেত্তে একাই করলেন চার গোল। এর মধ্যে ১০০তম মিনিটে পেনাল্টি থেকে করেন নিজের চতুর্থ ও দলের পঞ্চম গোল। তার কৃতিত্বে মঁপেলিয়ের বিপক্ষে ৫-৪ গোলের থ্রিলার জিতে নেয় অলিম্পিক লিওঁ। রোববার ফ্রেঞ্চ লিগ ওয়ানে পাগলাটে এই ম্যাচে লাকাজেত্তে ছাড়াও চার গোল করেন মঁপেলিয়ের এলিয়ে ওয়াহি। যদিও শেষ পর্যন্ত দলের হারে বিফলে যায় তার বীরত্ব।

 

ম্যাচে হওয়া ৯ গোলের প্রথমটি ৩১ মিনিটে আসে লাকাজেত্তের কল্যাণে। যদিও এরপর ওয়াহির জাদুকরি পারফরম্যান্সে ৫৫ মিনিটের মধ্যে মঁপেলিয়ে এগিয়ে যায় ৪-১ ব্যবধানে! এরপরও ম্যাচে ফেরা কিংবা জয়ের কথা ভাবা যায়? কিন্তু সেটিও করে দেখাল লিওঁ। সামনে থেকে এই প্রত্যাবর্তনে নেতৃত্ব দিলেন আর্সেনালের সাবেক স্ট্রাইকার। তিনি ৫৯ মিনিটে ব্যবধান ২-৪ করার পর দেজান লভরেন ৩-৪ করেন। ৮২ মিনিটে সমতা আনেন লাকাজেত্তে।

 এরপর ম্যাচ গড়ায় ইনজুরি টাইমে। সেটি গড়াতে গড়াতে ১০০ মিনিট পর্যন্ত যায়। ৯৮ মিনিটে নিজেদের বক্সের মধ্যে লাকাজেত্তেকে ফেলে দেন মঁপেলিয়ের ক্রিস্টোফার জুলিয়েন। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির সাহায্য নিয়ে পেনাল্টি দেয়া হয় লিওঁকে। স্পট কিক থেকে গোল করে লিওঁকে অবিশ্বাস্য এক জয় এনে দেন লাকাজেত্তে।    

 

এই জয়ের পর ৩৪ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে টেবিলের সাতে লিওঁ, ইউরোপা লিগ পজিশন থেকে তিন পয়েন্ট দূরে। লিগে বাকি চার ম্যাচ। আর মঁপেলিয়ে ১২তম স্থানেই রয়েছে। তারা রেলিগেশন অঞ্চল থেকে ১১ পয়েন্ট দূরে। ট্রয়েসকে ৩-১ গোলে হারানো পিএসজি ৭৮ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে। আর লঁস ৭২ পয়েন্ট নিয়ে দুইয়ে।