স্প্যানিশ লা লিগার ইতিহাসে ২৭তম শিরোপা
ঘরে তুলল বার্সেলোনা। ১৯৯৯ সালের পর লিওনেল মেসিকে ছাড়া এই প্রথম লিগ শিরোপা জিতল কাতালানরা।
রোববার রাতে কাতালান ডার্বিতে এস্পানিওলকে ৪-২ গোলে হারিয়ে হারিয়ে চার ম্যাচ হাতে রেখে
২০২২-২৩ মৌসুমের শিরোপা নিশ্চিত করে ফেলেছে জাভি হার্নান্দেজের দল। এ ম্যাচে জোড়া গোল
করেন বায়ার্ন মিউনিখ থেকে বার্সায় নাম লেখানো রবার্ট লেভানডভস্কি।
৩৪ রাউন্ডে বার্সার সংগ্রহ ৮৫ পয়েন্ট,
সমান ম্যাচে ৭১ পয়েন্ট পাওয়া রিয়াল মাদ্রিদের পক্ষে আর কোনোভাবেই কাতালান দলটিকে ধরে
ফেলা সম্ভব নয়। তাই এস্পানিলের মাঠে জয় শেষে উদযাপন শুরু করে দেন লেভানডভস্কি, পেদ্রি,
ফ্রেঙ্কি ডি ইয়ংরা। যদিও সেই উদযাপন সুখকর হয়নি। এস্পানিওলের আলট্রা সমর্থকরা মাঠে
নেমে বার্সা সমর্থকদের উদযাপন পণ্ড করেন। এছাড়া গ্যালারি থেকেও পানির বোতলসহ নানা বস্তু
ছুড়ে মারছিল বার্সেলোনার খেলোয়াড়দের দিকে। এতে জাভির শিষ্যরা আতিঙ্কত হয়ে দ্রুতবেগে
মাঠ ত্যাগ করেন।
এ ঘটনায় বার্সার উদযাপন খানিকটা বাধাগ্রস্ত
হলেও তাদের মুকুটে কোনো কলঙ্ক লাগেনি। বরং শিরোপার আনন্দে এখন বুঁদ লেভারা। তিন বছর
পর লিগ শিরোপা গেল ন্যু ক্যাম্প। সর্বশেষ ২০১৮-১৯ সালে তারা স্পেনসেরা হয়।
২০২১ সালে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে
নাম লেখান বার্সার ইতিহাসের সবচেয়ে সেরা খেলোয়াড় মেসি। তাকে ছাড়া এই প্রথম লিগ শিরোপা
জিতল কাতালান জায়ান্টরা। ১৯৯৯ সালের পর পাঁচ মৌসুম শিরোপার স্বাদ পায়নি বার্সা। এরপর
২০০৪-০৫ মৌসুমে শিরোপা যায় ন্যু ক্যাম্পে। ততক্ষণে বার্সার জার্সিতে অভিষেক ঘটেছে ইতিহাসে
অন্যতম সেরা ফুটবলার মেসির। ওই মৌসুমেই বার্সার ফার্স্ট টিমে অভিষেক হয় আর্জেন্টাইন
সুপারস্টারের। এরপর ২০১৯ সাল পর্যন্ত মেসির জাদুতে দশটি লিগ শিরোপা জিতেছে বার্সেলোনা।
তার সময়ে চারটি চ্যাম্পিয়ন্স লিগ জয়ের গৌরবও দেখায় বার্সা। সেই মেসির বিদায়ের পর প্রথম
লিগ শিরোপার স্বাদ পেল কাতালানরা। এটা বার্সার কোচ হিসেবে জাভিরও প্রথম লিগ শিরোপা।
লা লিগার শিরোপার সংখ্যা বার্সা দুইয়ে।
তাদের চেয়ে আটটি শিরোপা বেশি জিতেছে রিয়াল মাদ্রিদ।
এ মৌসুমে ১৩তম রাউন্ড থেকে লিড ধরে
রেখেছে বার্সেলোনা এবং দুর্দান্ত রক্ষণভাগ বার্সাকে শেষ পর্যন্ত অপ্রতিরোধ্য রেখেছে।
বার্সা মাত্র ১৩ গোল হজম করেছে, যা অন্য যেকোনো ক্লাবের চেয়ে ১৪টি কম। বার্সার গোলবার
অক্ষত ছিল ২৫টি ম্যাচে।
শিরোপা জয় শেষে জাভি বলেন, ‘এটা অবিশ্বাস্য
অনুভুতি। মনে হয় কাজটা ঠিকঠাক করতে পেরেছি আমরা। ক্লাবের প্রকল্পকে খানিকটা স্থিতি
এনে দেয়াটা গুরুত্বপূর্ণ। লিগ শিরোপা জয় এটাই বলছে যে, আমাদের সবকিছু ঠিকমতোই এগোচ্ছে
এবং আমাদের এই পথেই এগিয়ে যেতে হবে।’
২০১৯ সাল পর্যন্ত ১১ মৌসুমের মধ্যে আটটি লিগ শিরোপা জেতা বার্সা এরপর খানিকটা ঝিমিয়ে পড়ে। ২০২০ সালে দ্বিতীয়, ২০২১ সালে তৃতীয় ও ২০২২ সালে আবার দ্বিতীয় হয় কাতালানরা। অবশেষে ন্যু ক্যাম্পে শিরোপার হাসি।










