সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে শ্রীলংকার কাছে ৫৮ হারে হারল সফরকারী বাংলাদেশ দল। আজ বৃহস্পতিবার ৩০ ওভারের ম্যাচে আগে ব্যাটিং করে ৫ উইকেটে ১৮৬ রান তোলে সিংহলিজ নারীরা। জবাব দিতে নেমে বাংলাদেশ দল এক বল বাকি থাকতে সবকটি উইকেট হারিয়ে ১২৮ রান তুলতে সমর্থ হয়।

 

অধিনায়ক চামারি আতাপাত্তু ৬০ বলে ৬৪ রানের দারুণ এক ইনিংস খেলে দলকে ১৮৬ রানের পুঁজি এনে দেন। ৪৮ বলে ৪৫ রান করেন হার্শিথা সামারাবিক্রমা। বাংলাদেশের জাহানারা আলম, সুলতানা খাতুন, নাহিদা আক্তার, রিতু মনি ও ফাহিমা খাতুন প্রত্যেকেই একটি করে উইকেট নেন।

 

এরপর ওশাদি রানাসিংহের অফস্পিন বলে এলোমেলো হয়ে যায় বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। অধিনায়ক নিগার সুলতানা (৩৭) ও ফারজানা হক (২৪) ছাড়া বলার মতো পারফর্ম করতে পারেননি কেউ।

মেয়েদের এই সফরে প্রাথমিক সূচি অনুযায়ী, আজ হওয়ার কথা ছিল সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। ২৯ এপ্রিল প্রথম ওয়ানডেতে শ্রীলংকা ৬ উইকেটে ১৫২ রান তোলার পর বৃষ্টিতে খেলা পণ্ড হয়ে যায়। ২ মে একই মাঠে বৃষ্টির কারণে একটি বলও মাঠে গড়ায়নি। প্রথম দুই ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় দুই দলের সমঝোতায় সূচিতে পরিবর্তন আনা হয়। এখন শেষ ম্যাচটি হবে রোববার।

 

টি২০ সিরিজ আগের সূচি অনুসারেই চলবে। আগামী মঙ্গল, বৃহস্পতি ও শুক্রবার তিনটি টি২০ অনুষ্ঠিত হবে।

 

সংক্ষিপ্ত স্কোর

শ্রীলংকা নারী দল: ৩০ ওভারে ১৮৬/৫। বাংলাদেশ নারী দল: ২৯.৫ ওভারে ১২৮। ফল: শ্রীলংকা নারী দল ৫৮ রানে জয়ী।