ফাইনাল মানেই যে আলাদা উত্তেজনা, টের পাইয়ে দিলো স্পেন ও পর্তুগাল।ম্যাচের শুরু থেকেই চলতে থাকে আক্রমণ-পাল্টা আক্রমণের খেলা। ফাইনালের মতো মঞ্চে যেমন আবহ থাকা দরকার তার সবটাই ছিল। ছড়ায় উত্তেজনা। শুধু নির্ধারিত সময়ের খেলাতে আলাদা করা যায়নি কাউকে। খেলা শেষ হয় ২-২ সমতায়। ম্যাচটা অতিরিক্ত সময়ে গড়ালেও ব্যবধানে হেরফের হয়নি।
শেষ পর্যন্ত টাইব্রেকারে শেষ হাসি হেসেছে পর্তুগাল। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন স্পেনকে ৫-৩ গোলে হারিয়ে আবার নেশন্স লিগের শিরোপা জিতেছে ক্রিস্টিয়ানো রোনালদোর দল। তাতে প্রথম দল হিসেবে দুটি নেশন্স লিগ জয়ের কীর্তি গড়েছে পর্তুগাল।
টাইব্রেকারে পর্তুগালের হয়ে গোল করেছেন গনসালো রামোস, ভিতিনিয়া, ব্রুনো ফার্নান্দেজ, নুনো মেন্দেজ ও রুবেন নেভেস। স্পেনের হয়ে প্রথম তিন শটে গোল করেন মিকেল মেরিনো, অ্যালেক্স বায়েনা ও ইসকো। আলভারো মোরাতার নেওয়া চতুর্থ শটটি ফিরিয়ে দেন পর্তুগাল গোলরক্ষক দিয়োগো কস্তা। এরপর নেভেস পঞ্চম শটে গোল করতেই নিশ্চিত হয়ে যায় পর্তুগালের জয়।
এর আগে, ৬০ মিনিট পর্যন্ত ২-১ ব্যবধানে এগিয়ে ছিল স্পেন। পরের মিনিটে দলকে সমতায় ফেরান পর্তুগিজ অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। যা ছিল তার ১৩৮তম আন্তর্জাতিক গোল। অবশ্য দলকে সমতা ফেরাতে পারলেও শেষটায় মাঠে থাকতে পারেননি সিআরসেভেন। অতিরিক্ত সময়ের আগে চোট পেয়ে মাঠ ছেড়ে গেছেন। তবে মোরাতার স্পট কিক পর্তুগাল গোলকিপার ডিয়েগো কস্তা ঠেকিয়ে দেয়ার পর রুবেন নেভেস যখন ভাগ্য নির্ধারণী শেষ স্পট কিক জালে পাঠান, তখন সাইড লাইনে থেকে রোনালদো মাঠের পাশে বসে পড়ে আনন্দ অশ্রুতে ভেঙে পড়েন।










