বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে আগেই জানিয়ে দেয়া হয়েছিল, ২২ আগস্ট টি২০ দলের হেড কোচ নিয়ে সিদ্ধান্ত জানানো হবে। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বোর্ডসভায় এ নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠেয় আইসিসি টি২০ বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ টি২০ দলের কোনো হেড কোচ থাকবে না। জাতীয় দলের হেড কোচ রাসেল ডোমিঙ্গো শুধু ওয়ানডে ও টেস্ট দল নিয়ে কাজ করবেন।
দুদিন আগেই ভারতীয় কোচ শ্রীরাম শ্রীধরণকে টি২০ দলের টেকনিক্যাল কনসালট্যান্ট নিয়োগ করে বিসিবি, রোববার তিনি ঢাকায় পৌঁছে কাজেও নেমে পড়েছেন। আসন্ন এশিয়া কাপ টি২০ আসরে তার অধীনেই খেলবে বাংলাদেশ। হেড কোচ হিসেবে না থাকলেও তিনিই মূলত দলকে গাইড করবেন, গেম প্ল্যান দেবেন। তাকে নিয়োগের বিষয়টি প্রকাশের সময়ই জানা যায়, টি২০ দলের দায়িত্ব থেকে অব্যাহতি পেতে পারেন ডোমিঙ্গো। এর কারণ, সংক্ষিপ্ত ফরম্যাটে তার অধীনে বাংলাদেশের দুর্বল পারফরম্যান্স। গত টি২০ বিশ্বকাপের পর ১০ ম্যাচের মধ্যে মাত্র দুটিতে জিতেছে বাংলাদেশ! তাই পরিবর্তন অবধারিত হয়ে পড়ে। ডোমিঙ্গোর বিষয়টি এখন থেকে আর গুঞ্জন নয়, অফিশিয়াল।
আজ মিরপুরে কোচিং স্টাফদের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বলেন, রাসেল ডোমিঙ্গো টি২০তে নয়, আমরা তাকে ওয়ানডে ও টেস্টের দায়িত্ব দিয়েছি। আমরা টি২০ আলাদা করেছি। টি২০ দলে এখন হেড কোচ নেই। আমাদের ব্যাটিং কোচ আছে, স্পিন কোচ, পেস বোলিং কোচ, ফিল্ডিং কোচ আছে। আমাদের অধিনায়ক আছে। টি২০তে টেকনিক্যাল কনসালট্যান্ট আছেন। সে গেম প্ল্যান দেবে। যদি গেম প্ল্যান সে দেয়, তাহলে হেড কোচ আর কী করবে। তার তো কোনো কাজ থাকে না।
ছয় দলের এশিয়া কাপ টি২০ খেলতে আগামীকাল সংযুক্ত আরব আমিরাত রওনা হবে বাংলাদেশ ক্রিকেট দল। এ আসরের জন্য মিরপুরে প্রস্তুতি চলছে ক্রিকেটারদের। রোববারের মতো আজও দুই দলে ভাগ নিয়ে ম্যাচ খেলছেন সাকিব আল হাসান ও তার সতীর্থরা।










