বাবর আজমকে সরিয়ে আইসিসির টি২০ ব্যাটারদের র্যাংকিংয়ে শীর্ষস্থানে উঠে বসেছেন মোহাম্মদ রিজওয়ান। আজ বুধবার আইসিসি আবারো র্যাংকিং হালনাগাদ করেছে। সেখান থেকে এ তথ্য জানা যায়।
চলতি এশিয়া কাপে এখন পর্যন্ত তিন ম্যাচে নিজের ছায়া হয়ে আছেন বাবর আজম। বিপরীতে সতীর্থ রিজওয়ান তিন ম্যাচে করেছেন ১৯২ রান। যার পুরস্কার হিসাবে শীর্ষস্থান দখল পান তিনি।
আইসিসির র্যাংকিংয়ে দেখা যায়, ৮১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রিজওয়ান, ৭৯৪ পয়েন্ট নিয়ে দুইয়ে বাবর এবং ৭৯২ পয়েন্ট নিয়ে তিনে দক্ষিণ আফ্রিকার অ্যাইডেন মার্করাম। মিসবাহ-উল হক, বাবর আজমের পর পাকিস্তানের তৃতীয় ক্রিকেটার হিসাবে টি২০ র্যাংকিংয়ের শীর্ষে উঠলেন রিজওয়ান।
ভারতের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং উপহার দেয়া শ্রীলংকার পাথুম নিসাঙ্কারও অগ্রগতি হয়েছে এক ধাপ। এশিয়া কাপে লঙ্কান ব্যাটার তিন ম্যাচে ২০, ৩৫ ও ৫২ রান করে আট নম্বর স্থান দখলে নিয়েছেন।
বোলারদের র্যাংকিংয়ে এক নম্বর জয়গাটি ধরে রেখেছেন অস্ট্রেলিয়ান পেসার জশ হেজলেউড এবং অলরাউন্ডারে আফগানিস্তানের মোহাম্মদ নবি।










