প্রায় তিন বছর ব্যাট হাতে সেঞ্চুরি নেই বিরাট কোহলির। কিন্তু আগামীকাল রোববার চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে মাঠে নামলেই ভিন্ন এক সেঞ্চুরির দেখা পাবেন তিনি। এ পর্যন্ত টি২০তে বিরাট খেলেছেন ৯৯ ম্যাচ। কাল এশিয়া কাপের ম্যাচটিতে নামলে সেটি ১০০ তথা সেঞ্চুরিতে গিয়ে ঠেকবে।

এই ভারতীয়ই একমাত্র ক্রিকেটার- যিনি টেস্ট, ওয়ানডে ও টি২০ সব ফরম্যাটে ন্যূনতম ১০০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করবেন।

কোহলি এ পর্যন্ত ১০২ টেস্ট, ২৬২ ওয়ানডে ও টি২০তে ৯৯টি ম্যাচে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। টেস্টে ৪৯ দশমিক ৫৩ গড়ে ৮ হাজার ৭৪ রান। ওয়ানডেতে ৫৭ দশমিক ৬৮ গড়ে ১২ হাজার ৩৪৪ রান। টি২০তে ৫০ দশমিক ১২ গড়ে ৩ হাজার ৩০৮ রান তার। ৩০টি হাফসেঞ্চুরি রয়েছে এ ফরম্যাটে।

তিন বছর সেঞ্চুরি না পাওয়া কোহলি সম্প্রতি ভুগছেন ফর্ম নিয়েও। টি২০তে শেষ ছয় ইনিংসে মাত্র একটি হাফসেঞ্চুরি তার। এর মধ্যে তিন ম্যাচে দুই অংকের ফিগারেও রানকে নিতে পারেননি।

বিরাট সবশেষ সেঞ্চুরি পেয়েছেন ২০১৯ সালের নভেম্বরে। কলকাতার ইডেন গার্ডেন্সে টেস্টে বাংলাদেশের বিপক্ষে খেলেছিলেন ১৩৬ রানের ইনিংস। এর পর সেঞ্চুরি না পেলেও ব্যাট হাতে রান ছিল। কিন্তু সম্প্রতি রান খরায়ও ভুগছেন তিনি।

আগামীকাল পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপের মিশন শুরু করবে ভারত। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় ম্যাচটি শুরু হবে। টি স্পোর্টস খেলাটি সম্প্রচার করবে।