জুলাই মাস যেন বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার জন্য এক অস্বস্তিকর অধ্যায়। ইতিহাস বলছে, এই মাসে অনুষ্ঠিত তিনটি বিশ্বকাপ ফাইনালেই পরাজয়ের তিক্ত স্বাদ পেয়েছে আলবিসেলেস্তেরা। তাই স্পেনের বিপক্ষে এবারের ফাইনাল শুধু শিরোপা ধরে রাখার লড়াই নয়, জুলাইয়ের সেই পুরনো অভিশাপ ভেঙে নতুন ইতিহাস লেখারও সুযোগ আর্জেন্টিনার সামনে।

আর্জেন্টিনা এর আগে তিনবার বিশ্বকাপ জিতেছে। ১৯৭৮, ১৯৮৬ ও ২০২২ সালে শিরোপা ঘরে তোলে তারা। তবে এ তিনটি জয়ের কোনোটিই জুলাই মাসে আসেনি। ১৯৭৮ সালে নিজেদের মাটিতে প্রথম শিরোপা জেতে আর্জেন্টিনা। সেই ফাইনাল হয়েছিলো ২৫ জুন। নেদারল্যান্ডসকে ৩-১ গোলে হারিয়ে প্রথম বিশ্বকাপ জেতে তারা। ১৯৮৬ সালে মেক্সিকোতে দ্বিতীয় শিরোপা জেতে আর্জেন্টিনা। দিয়েগো ম্যারাডোনার হাত ধরে আসা সেই ফাইনালও হয়েছিলো জুন মাসে, ২৯ তারিখে। পশ্চিম জার্মানিকে ৩-২ গোলে হারিয়েছিলো তারা।

সবশেষ ২০২২ সালে কাতারে তৃতীয় শিরোপা জেতে আর্জেন্টিনা। লিওনেল মেসির নেতৃত্বে ফ্রান্সকে হারিয়ে সেই জয় আসে। তবে সেই ফাইনাল হয়েছিলো ডিসেম্বর মাসে, ১৮ তারিখে। কারণ কাতারের গরম আবহাওয়ার জন্য সেবার বিশ্বকাপ শীতকালে আয়োজন করা হয়েছিলো।

৩ বিশ্বকাপ জিতলেও আর্জেন্টিনা ফাইনালে খেলেছে সব মিলিয়ে ৬ বার। বাকি তিন ফাইনালের তিন বারই খেলা হয়েছে এ জুলাই মাসে। প্রথম বিশ্বকাপের ফাইনালে খেলা হয়েছিলো ১৯৩০ সালের ৩০ জুলাই। সেদিন উরুগুয়ের কাছে ৪-২ গোলে হারে আর্জেন্টিনা।

এরপরের জুলাই মাসে বিশ্বকাপে ফাইনালটা আর্জেন্টিনা খেলেছে ১৯৯০ সালে। দিয়েগো ম্যারাডোনার আর্জেন্টিনা সেবার ৮ জুলাই মাঠে নেমে জার্মানির কাছে হারে ১-০ গোলে।

জুলাইয়ের ফাইনালের তেঁতো স্বাদ মেসিও নিয়েছেন। ২০১৪ বিশ্বকাপের ফাইনাল হয়েছিলো ১৩ জুলাই। সেবারও ১-০ গোলে জার্মানির কাছে হারতে হয় আর্জেন্টিনাকে। এবার ২০২৬ বিশ্বকাপের ফাইনালও হচ্ছে জুলাই মাসেই। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো মিলে আয়োজিত এ বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত আজ রাতে। স্পেনের বিপক্ষে এই ম্যাচ জিততে পারলে জুলাই মাসে প্রথমবারের মতো বিশ্বকাপ জেতার রেকর্ড গড়বে আর্জেন্টিনা।