গুজরাট টাইটান্স, চেন্নাই সুপার কিংস ও লখনউ সুপার জায়ান্টের প্লে-অফ খেলা নিশ্চিত। প্লে-অফের শেষ টিকিটের জন্য এখন ত্রিমুখী লড়াইয়ে অবতীর্ণ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, রাজস্থান রয়্যালস ও মুম্বাই ইন্ডিয়ান্স। তিন দলেরই সুযোগ আছে শেষ চারে ওঠার।

 

তিন দলের মধ্যে বেঙ্গালুরু ও মুম্বাইয়ের সম্ভাবনা বেশি, তারপর রাজস্থান। বেঙ্গালুরু ও মুম্বাইয়ের ভাগ্য তাদের নিজেদেরই হাতে। অর্থ্যাৎ নিজ নিজ ম্যাচ জিততে হবে। শুধু জিতলেই হবে না, অন্য ম্যাচের ফলও নিজেদের দিকে আসতে হবে। যেমন, আজ বিকাল চারটায় শুরু হওয়া ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে হারালে ১৬ পয়েন্ট হয়ে যাবে মুম্বাইয়ে (-০.১২৮)। কিন্তু সেটি তাদের প্লে-অফ নিশ্চিত করবে না, যদি পরের ম্যাচে টাইটান্সকে হারায় বেঙ্গালুরু (০.১৮০)। নিট রানরেট ভালো থাকায় টাইটান্সকে হারালেই প্লে-অফের টিকিট পাবে বেঙ্গালুরু।

 

আর বিরাট কোহলি, ফাফ ডু প্লেসিদের বেঙ্গালুরু যদি হেরে যায়, তবে সুযোগ তৈরি হবে মুম্বাইয়ের। তখন তারা যেকোনো ব্যবধানে জিতলেই উঠে যাবে প্লে-অফে।

 

আবার বেঙ্গালুরু ও মুম্বাই দুটি দলই যদি আজ হেরে যায়, তবে সুযোগ আসবে রাজস্থানের (০.১৪৮)। নিট রানরেটে বেঙ্গালুরু খানিকটা এগিয়ে রয়েছে। কাজেই কোহলিরা বড় ব্যবধানে হারলেই তখন চারে উঠে যেতে পারে রাজস্থান।

 

১০ দলের এই আসরে প্রতিটি দল রাউন্ড রবিন লিগে ১৪টি করে ম্যাচ খেলছে। প্রতি গ্রুপে রয়েছে পাঁচটি করে দল। প্রতিটি দল ভিন্ন গ্রুপের পাঁচ দলের সঙ্গে ১০টি এবং নিজ গ্রুপের চার দলের সঙ্গে চারটি ম্যাচ খেলছে।

 

এরপর প্লে-অফের লড়াই। টেবিলের এক ও দুই নম্বর দল গুজরাট ও চেন্নাই প্রথম কোয়ালিফায়ার ম্যাচ খেলবে ২৩ মে। বুধবার এলিমিনেটর ম্যাচ, যাতে মুখোমুখি হবে লখনউ ও টেবিলের চতুর্থ দল। এরপর শুক্রবার দ্বিতীয় কোয়ালিফায়ার ও ২৮ মে রোববার ফাইনাল।