চেলসি গত মৌসুমে ইউরোপিয়ান প্রতিযোগিতায় কোয়ালিফাই করেনি। এরপর থেকে গুঞ্জন রয়েছে, লন্ডনের ক্লাবটি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দিতে পারেন ফার্নান্দেজ। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে পর্তুগিজ ক্লাব পোর্তো থেকে তখনকার ব্রিটিশ রেকর্ড ১০৭ মিলিয়ন পাউন্ডে ফার্নান্দেজকে সই করায় চেলসি। তখনো তাকে কেনার আগ্রহ দেখিয়েছিল মাদ্রিদ জায়ান্টরা।

এবার রিয়াল আর গুঞ্জনের মধ্যে থাকতে চায়নি। তাই গতকাল এক বিবৃতি দিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে ১৬ বারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। তারা জানায়, এ খবরে বাস্তবতার লেশমাত্র নেই।

রিয়ালের বিবৃতিতে বলা হয়, ‘সংবাদমাধ্যমের সাম্প্রতিক খবরে বলা হচ্ছে, এনজো ফার্নান্দেজকে নিয়ে আগ্রহ প্রকাশ করেছে রিয়াল মাদ্রিদ। ক্লাবটি জানাচ্ছে, সরাসরি কিংবা পরোক্ষভাবে তারা খেলোয়াড়টির জন্য কোনো চেষ্টা করেনি এবং তার জন্য ক্লাবের কোনো আগ্রহও নেই।’

চেলসির পক্ষ থেকেও জানানো হয়েছে যে রিয়াল মাদ্রিদের কাছ থেকে ‘ক্লাব টু ক্লাব’ আগ্রহ প্রকাশের ঘটনা ঘটেনি।

জানা গেছে, ট্রান্সফারের বিষয়ে একমত হলে ব্লুজরা ২৫ বছর বয়সী ফার্নান্দেজের জন্য ১২০ মিলিয়ন পাউন্ড ফি চাইতে পারে। তবে জানা গেছে, ব্লুজরা এখন খেলোয়াড়টিকে বিক্রি করতে চায় এবং নতুন কোচ জাবি আলনসোর অধীনে তাকে রেখে দিতে চায়।

রিয়ালের প্রতি আগ্রহ দেখিয়ে গত এপ্রিলে দুই ম্যাচে নিষিদ্ধ হয়েছিলেন ফার্নান্দেজ। তিনি বলেছিলেন, আগামী মৌসুমে চেলসিতে থাকবেন কিনা নিশ্চিত নন। ওই সময় তিনি রিয়ালের প্রতি ‘ভালো লাগা’র কথা প্রকাশ করেন। চেলসির তখনকার কোচ লিয়াম রোজেনিয়ার তাকে শাস্তিস্বরূপ দুই ম্যাচে নিষিদ্ধ করেন। এবার সত্যি সত্যিই ফার্নান্দেজের চেলসি ছাড়া নিয়ে কথা উঠল।

২০২২ সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিততে সাহায্য করার পরপরই বেনফিকা থেকে চেলসিতে যোগ দেন ফার্নান্দেজ। সেই থেকে তিনি ব্লুজদের হয়ে ইউরোপা কনফারেন্স লিগ ও ক্লাব বিশ্বকাপ শিরোপা জিতেছেন। গত মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় করেছেন ১৫ গোল। চলতি বিশ্বকাপেও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার একজন গুরুত্বপূর্ণ সদস্য তিনি।

বিশ্বকাপ শুরু হওয়ার পর স্পেন জাতীয় দলের লেফট ব্যাক মার্ক কুকুরেয়াকে ৫১ দশমিক ৮ মিলিয়ন পাউন্ডে কিনেছে রিয়াল মাদ্রিদ।