গলে সিরিজের প্রথম টেস্টে শ্রীলংকার ৩১২ রানের জবাবে ১০১ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে বসে পাকিস্তান। এরপর সৌদি শাকিল ও আগা সালমানের ১৭৭ রানের জুটি বদলে দিল সমীকরণ। আজ মঙ্গলবার তৃতীয় দিন আগা সালমান ১১৩ বলে ৮৩ রান করে আউট হয়ে গেলেও হার মানেননি সৌদ শাকিল। তার ডাবল সেঞ্চুরিতে ভর করে ৪৬১ রান তুলে অলআউট হয় অতিথিরা। প্রথম ইনিংসে তাদের লিড ১৪৯ রানের। লংকানরা দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ১৪ রান তুলে তৃতীয় দিন শেষ করায় লিড কমে দাঁড়িয়েছে ১৩৫ রানে।

 

আগা সালমান আউট হওয়ার পর নোমান আলীকে নিয়ে ৫২ ও শাহিন শাহ আফ্রিদিকে নিয়ে ১৬ রান যোগ করেন শাকিল। যদিও চমক দেখান নবম উইকেটে নাসিম শাহকে নিয়ে ২৪৩ বলে ৯৪ রানের জুটি গড়ে। এর মধ্যে নাসিমের অবদান মাত্র ৬! একটি সময় শেষ হয় নাসিমের লড়াইও। তখন শেষ জুটিতে ২৭ বলে ২১ রান যোগ করার মধ্য দিয়ে ডাবল সেঞ্চুরিও পূর্ণ করেন শাকিল।

 

৩৬১ বলে ১৯ বাউন্ডারিতে ২০৮ রানে অপরাজিত থাকেন ২৭ বছর বয়সী শাকিল। ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরিকে ডাবলে রূপ দিলেন তিনি। এটা তার ক্যারিয়ারের ষষ্ঠ টেস্ট। উল্লেখ্য, শ্রীলংকার মাটিতে এটা পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। আগের সর্বোচ্চ ১৯৮ রানের ইনিংসটা মোহাম্মদ হাফিজের, ২০১২ সালে কলম্বো টেস্টে করেছিলেন তিনি।

 

আজ সকালে ৫ উইকেটে ২২১ রান নিয়ে শুরু করা পাকিস্তান শেষ পর্যন্ত রানসৌধ গড়ে। শ্রীলংকার স্পিনার রমেশ মেন্ডিস ৫টি ও প্রবথ জয়সুরিয়া ৩টি উইকেট নেন।

 

এর আগে ধনাঞ্জয়া ডি সিলভা (১২২) ও অ্যাঞ্জেলো ম্যাথুজের (৬৪) ব্যাটে ভর করে তিনশোর্ধ্ব সংগ্রহ পায় শ্রীলংকা। এই দুজন পঞ্চম উইকেটে ১৯৮ বলে ১৩১ রান যোগ করেন।