সেরেনা উইলিয়ামস আগেই ঘোষণা দিয়ে রেখেছেন ইউএস ওপেনের পর টেনিস থেকে বিদায় নিচ্ছেন তিনি। তবে বিদায়ীমঞ্চে দুর্দান্ত খেলা উপহার দিয়ে চলেছেন আমেরিকান টেনিস তারকা। প্রথম রাউন্ডে ডাঙ্কা কোভিনিককে উড়িয়ে দেয়ার পর দ্বিতীয় রাউন্ডেও জয় তুলে নিয়েছেন।
আজ বৃহস্পতিবার আর্থার অ্যাশে স্টেডিয়ামে এস্তোনিয়ার অ্যানেট কোন্তাভেইটকে হারিয়ে তৃতীয় রাউন্ডে চলে গিয়েছেন সেরেনা। ম্যাচটি ৭-৬ (৭-৪), ২-৬, ৬-২ গেমে জেতেন ২৩ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী।
প্রথম সেটে তীব্র লড়াইয়ের পর টাইব্রেকারে জেতেন সেরেনা। দ্বিতীয় সেটে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ২-৬ গেমে জেতেন কোন্তাভেইট। কিন্তু তৃতীয় সেটে ৬-২ গেমে জেতে সেরেনা নিশ্চিত করেন তুতীয় রাউন্ড। বিদায়ীমঞ্চ রাঙাতে দৃঢ়প্রতিজ্ঞ সেরেনা উইলিয়ামস।
চোটের জন্য গত কয়েক বছরই কোর্টে নিয়মিত নন ৪০ বছর বয়সী তারকা। ফর্মও হারিয়েছে ধার। সম্প্রতি আমেরিকার মাসিক ফ্যাশন ম্যাগাজিন ‘ভোগে’ ক্যারিয়ারের সমাপ্তি রেখা টেনে দেয়ার কথা জানান তিনি। তবে সেরেনার সামনে আরো একবার সুযোগ এসেছে নারী এককে সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যাম জয়ী অস্ট্রেলিয়ান টেনিস কিংবদন্তী মার্গারেট কোর্টের রেকর্ড ছোঁয়ার। কোর্ট ২৪ বার গ্র্যান্ড স্ল্যাম জেতেন।










