বর্তমানে জনপ্রিয় ও ব্যস্ত অভিনেত্রীদের মাঝে শুরুতেই যাদের নাম আসবে, তাদের একজন বিদ্যা সিনহা মিম। সিনেমা, মডেলিং, নাটক ও ওটিটি প্লাটফর্মে অভিনয় করেছেন তিনি। চলতি বছর পরাণ সিনেমায় তার অভিনয় দর্শকদের প্রশংসা পেয়েছে। আগামী শুক্রবার মিম অভিনীত সিনেমা দামাল মুক্তি পাবে। নতুন সিনেমা ও ক্যারিয়ার নিয়ে বণিক বার্তার সঙ্গে কথা বলেছেন মিম। সাক্ষাত্কার নিয়েছেন সাবিহা জামান শশী
অনন্যা চরিত্রটিতে অভিনয়ের প্রস্তাব পাওয়ার পর মনে কী চলছিল?
একটা কথাই আমি ভাবছিলাম, সেটা হলো এ চরিত্র আমাকে ভালোভাবে ফুটিয়ে তুলতে হবে। চিন্তা করছিলাম কীভাবে চরিত্রটিতে অভিনয় করলে ভালো হবে। কীভাবে আমি সিনেমায় ডায়ালগ দিলে সেটা আরো জীবন্ত লাগবে, এসব নিয়েই ভাবনা ছিল শুরুতে। কারণ অনন্যা খুব চ্যালেঞ্জিং একটা চরিত্র। পর্দায় অনন্যা হতে হবে, ওটাই মূল ভাবনা হয়ে দাঁড়িয়েছিল; যাতে সিনেমা দেখে মনে না হয় মিম অভিনয় করছে।
চরিত্রটি পর্দায় ফুটিয়ে তুলতে নিজেকে প্রস্তুত করেছেন কীভাবে?
সবসময়ই, বিশেষ করে আমরা যখন সেটে থাকতাম, অনন্যা চরিত্রটা নিয়ে অনেক পরিকল্পনা করতাম। পরাণে আমার সহশিল্পী যারা ছিলেন, তারা অনেক সহযোগিতা করেছেন। অভিনয় করার সময় টিমের সহযোগিতা অনেক জরুরি। সেটা আমি পরাণের সবার থেকে পেয়েছি।
দামাল নিয়ে আপনার প্রত্যাশা কেমন?
এ সিনেমা নিয়ে আমার প্রত্যাশা অনেক। খুবই সুন্দর একটা সিনেমা এটা। রাফী ভাই তো বলছেন, তার জীবনের শ্রেষ্ঠ সিনেমা দামাল। চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর আংকেলের লেখা গল্প থেকে সিনেমাটি নির্মাণ করা হয়েছে। সব মিলিয়ে দামাল নিয়ে আমি অনেক এক্সাইটেড।
দামালে আপনার চরিত্রটা...
এ ছবিতে দর্শক আমাকে হাসনা চরিত্রে দেখবেন। সে খুব সাধারণ এক মেয়ে। জীবনের এক পর্যায়ে হাসনা প্রতিবাদী হয়ে ওঠে। নিজেকে অনেক ভাগ্যবান মনে করি ওই সময়ের (মুক্তিযুদ্ধের সময়কার) গল্পে কাজ করতে পেরে। পরাণ সিনেমার অনন্যার একেবারে বিপরীত চরিত্র হাসনা।
এখন পর্যন্ত আপনার করা সবচেয়ে চ্যালেঞ্জিং চরিত্র কোনটা ছিল?
চ্যালেঞ্জিং চরিত্রের কথা বলতে গেলে আমি অবশ্যই বলব অনন্যা। কারণ আমি কখনো এ ধরনের চরিত্রে কাজ করিনি। এটা পর্দায় উপস্থাপন করাও বেশ কঠিন ছিল।
দীর্ঘদিন পর বাংলাদেশের সিনেমার অঙ্গনে সুবাতাস বইছে। এ সময়ে শিল্পীদের একতা কতটুকু গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন?
ইন্ডাস্ট্রিতে সবার সঙ্গে মিলেই কাজ করা উচিত। দিনশেষে তো আমরা এক জায়গায়ই কাজ করব। আমাদের সবার উদ্দেশ্য তো এক। সেটা হলো ভালো কনটেন্ট নির্মাণ, যাতে দর্শক হলে এসে সেটা দেখে। এটা আমার সিনেমা না হয়ে যদি অন্য দশজনের সিনেমাও হয়, তাহলেও আমি অনেক খুশি হব।
নাটক, সিনেমা আর ওটিটি প্লাটফর্মে অভিনয় করছেন। কোনটি বেশি আকর্ষণীয় মনে হয়?
অবশ্যই বড় পর্দা। ওটিটিতে ভালো প্রজেক্ট হলে অবশ্যই করব। তবে আমার কাছে নিজেকে বড় পর্দায় দেখতে বেশি ভালো লাগে।
সমালোচনাকে কীভাবে দেখেন?
সমালোচনাকে আমি ভালোভাবে গ্রহণ করি। ভুলত্রুটি থাকলে সেটা ধরিয়ে দেয়া অবশ্যই ভালো। যাতে পরবর্তী সময়ে ওই ত্রুটি আর না হয়।
শুটিং করতে বিভিন্ন অঞ্চলে থাকার সুযোগ পান। এটা উপভোগ করেন, নাকি মানিয়ে নিতে সমস্যা হয়?
প্রথমে ভালো লাগে। আমি একটু হোম সিক টাইপের মানুষ, দিন শেষে বাসায় থাকতে ভালো লাগে। যখন আউটডোরে যাই, আমি আমার বাসাকে মিস করি।
নতুন কোনো কাজের সঙ্গে যুক্ত হয়েছেন?
কাজের অফার আসছে। আমি হুটহাট করে কোনো সিনেমায় যুক্ত হই না। সামনে যেহেতু দামাল আসছে, তাই এটা নিয়েই আছি। নতুন কয়েকটি চিত্রনাট্য পড়ছি। এর মাঝে নতুন কোনো কাজের সঙ্গে যুক্ত হলে অফিশিয়ালি সবাইকে জানাব।
আপনার প্রথম সিনেমা ‘আমার আছে জল’
নিয়ে বিশেষ কোনো স্মৃতি বলা যাবে?
আমার আছে জল আমার প্রথম সিনেমা। এটা নিয়ে আমার অনেক স্মৃতি আছে। প্রথম সিনেমায় শ্রদ্ধেয় হুমায়ূন আহমেদ স্যারের সঙ্গে কাজ করেছি, এটা অনেক পাওয়া। স্মৃতি তো অনেক আছে। ওই সময় রাস্তায় বের হলে দেখতাম আমার ছবিসহ পোস্টার আর বিলবোর্ড লাগানো। আমি যেখানে যাচ্ছি, আমার সিনেমার গান বাজছে। হলে প্রথম বসে সিনেমা দেখা আর সে হলেই কয়েক মাস আমার সিনেমা চলা, এগুলো আমার জীবনে আমার আছে জলের মধ্য দিয়ে এসেছিল প্রথমবার। আমি ওই সময়ে এসব খুব উপভোগ করেছিলাম।










