গণঅভ্যুত্থানের মুখে ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার জন্য নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়েছেন। আজ এ বিষয়ে আবেদন করেছেন তিনি। বার্তা সংস্থা রয়টার্স এ-সংক্রান্ত একটি চিঠি থেকে তথ্যটি জানতে পেরেছে। ২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছাড়ার পর এটিই শেখ হাসিনার প্রথম এ ধরনের তৎপরতা।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এই আবেদনকে ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়নে শেখ হাসিনার সবচেয়ে স্পষ্ট পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তার উদ্যোগটি এমন এক সময়ে নতুন রাজনৈতিক ও আইনি উত্তেজনার আশঙ্কা তৈরি করছে, যখন বাংলাদেশে তার দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ।

বার্তা সংস্থাটিকে শেখ হাসিনা বলেছেন, তিনি আদালতে আত্মসমর্পণ করতে দেশে ফিরতে চান। তার সহযোগীরা জানিয়েছেন, বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষ হলে দেশে ফেরার তারিখ ঘোষণা করা হবে।

ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দেয়ার অভিযোগে গত বছরের নভেম্বরে শেখ হাসিনাকে বাংলাদেশের যুদ্ধাপরাধবিষয়ক ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দেন। তবে তিনি এসব অভিযোগ অস্বীকার করেছেন।

লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা দিল্লিতে বাংলাদেশের দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানকে লেখা চিঠিতে বলেন, অন্তর্বর্তী সরকার ও অন্যান্য কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের বাংলাদেশী পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে খবর পাওয়া গেছে।

চিঠিতে তারা লেখেন, ‘আমাদের মক্কেলের বাংলাদেশী নাগরিকত্বের ভিত্তিতে এবং আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বিভিন্ন সনদ থেকে উদ্ভূত বাধ্যবাধকতা অনুসারে নতুন বাংলাদেশী পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য আপনাকে বিনীত অনুরোধ করছি।’

আবেদনগুলো দ্রুত নিষ্পত্তিরও অনুরোধ জানিয়েছে আইনজীবী প্রতিষ্ঠানটি।

এ বিষয়ে দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমান এবং ঢাকায় প্রধানমন্ত্রীর মুখপাত্ররা তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধে সাড়া দেননি।