সৌদি আরবের রাজধানী রিয়াদের প্রধান বাণিজ্যিক এলাকায় অবস্থিত আকাশচুম্বী ভবন আরামকো টাওয়ারে বিমান হামলা হয়েছে। নিজেদের নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম সাবা নিউজ এজেন্সির মাধ্যমে দেয়া এক বিবৃতিতে গতকাল রিয়াদে একাধিক হামলার কথা উল্লেখ করেছে হুথিরা। তবে বিবৃতিতে আরামকো টাওয়ারের নাম উল্লেখ করা হয়নি। খবর বিবিসি।

সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় টাওয়ারটির সামান্য ক্ষতি হয়েছে। এতে কেউ নিহত বা আহত হননি।

বিবিসি ভেরিফাইয়ের সত্যতা যাচাই করা ভিডিও ফুটেজে অবশ্য ভবনটিতে ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র দেখা গেছে। এতে অন্তত একটি তলায় ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলায় বড় ধরনের ক্ষতি হয়েছে বলে মনে হচ্ছে। ভবনটির একাধিক তলার জানালাও ভেঙে গেছে।

হুথিরা আরো দাবি করেছে, পৃথক হামলায় রিয়াদের বিমানবন্দর এবং আরামকোর জ্বালানি তেল সংরক্ষণাগার লক্ষ্যবস্তু করা হয়েছে। সৌদি আরব জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করে ধ্বংস করেছে।

সৌদি আরবের অভ্যন্তরে দূরবর্তী লক্ষ্যবস্তুতে সশস্ত্র গোষ্ঠীটির হামলার সর্বশেষ ঘটনা এটি। সাম্প্রতিক মাসগুলোয় উপসাগরীয় শক্তিধর দেশটি হুথিদের এসব হামলা ঠেকাতে হিমশিম খাচ্ছে।

এর এক দিন আগে হুথিরা অভিযোগ করে, সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনে বিমান হামলা চালিয়ে অন্তত ৩৩ জনকে হত্যা করেছে। নিহত ব্যক্তিদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

হুথিদের পরিচালিত টেলিভিশন চ্যানেল আল মাসিরাহতে প্রচারিত ফুটেজে দেখা যায়, রাজধানী সানার পূর্বদিকে আল-শারিয়াহ শহরে কয়েকটি ভবনের ধ্বংসস্তূপ থেকে উদ্ধারকর্মীরা মরদেহ বের করে আনছেন।

সাবা জানিয়েছে, ওই হামলায় আহত হয়েছেন ৩৯ জন। তবে এ বিষয়ে সৌদি আরব কোনো মন্তব্য করেনি।

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিতে সৌদি নেতৃত্বাধীন একটি জোট এক দশকের বেশি সময় ধরে হুথিদের বিরুদ্ধে লড়াই করছে। তবে দেশটির বিস্তীর্ণ এলাকা বিদ্রোহী গোষ্ঠীটির নিয়ন্ত্রণে চলে গেছে।

সাম্প্রতিক বছরগুলোয় সংঘাত অনেকটা স্তিমিত থাকলেও ইরান যুদ্ধ শুরুর পর সেখানে আবারও লড়াই তীব্র হয়েছে।

গত জুলাইয়ে সৌদি আরবের সঙ্গে হুথিদের অনানুষ্ঠানিক যুদ্ধবিরতি ভেঙে পড়ে। ওই সময় ইরান-সমর্থিত গোষ্ঠীটি সৌদি আরবের বিরুদ্ধে ‘সমুদ্রপথে অবরোধ’ ঘোষণার কথা জানায়। এরপর সৌদি বিমানবন্দর, তেল স্থাপনা এবং লোহিত সাগরে চলাচলকারী তেলবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে তারা।

হুথিদের দাবি, তাদের নিয়ন্ত্রিত ভূখণ্ডে সৌদি আরবের অবরোধ এবং সানা বিমানবন্দরে চালানো বিমান হামলার প্রতিশোধ হিসেবেই এসব আক্রমণ চালানো হচ্ছে। সৌদি আরব বলেছিল, ইরানের একটি উড়োজাহাজ যাতে সানা বিমানবন্দরে অবতরণ করতে না পারে, তা ঠেকাতেই ওই হামলা চালানো হয়েছিল।

এরপর থেকে হুথি বাহিনী এবং ইয়েমেনের সৌদি সমর্থিত সরকারের অনুগত সেনাদের মধ্যে বড় ধরনের লড়াই আবার শুরু হয়েছে।

জাতিসংঘের হিসাবে, লড়াই নতুন করে শুরু হওয়ার পর থেকে ১ হাজার ৬০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন ৩ লাখের বেশি মানুষ।