বিরোধী জোটের নেতা গাদি আইজেনকটকে সরকার গঠনের জন্য আনুষ্ঠানিকভাবে দায়িত্ব দিয়েছেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ।

গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত ইসরায়েলের নির্বাচনে কোনো দল বা জোট সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এমন পরিস্থিতিতে আইজেনকট সরকার গঠনের কাজ শুরু করতে যাচ্ছেন। সরকার গঠনের জন্য ২৮ দিনের সময় পেয়েছেন সাবেক এ সেনাপ্রধান।

প্রেসিডেন্টের কার্যালয়ে গতকাল আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের দায়িত্ব পাওয়ার পর আইজেনকট বলেন, ‘আমরা এক জরুরি পরিস্থিতির মধ্যে আছি। ইসরায়েল রাষ্ট্র এমন এক জায়গায় যাচ্ছে, যেখান থেকে ফিরে আসার উপায় নেই। আমাদের একটি জাতীয় জরুরি সরকার গঠন করতে হবে।’

আইজেনকট বেনয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টির পাশাপাশি অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচের অতি ডানপন্থী পার্টিকেও তার সরকারে যোগ দেয়ার আহ্বান জানিয়েছেন। তবে প্রধানমন্ত্রী তিনিই থাকবেন। ভোটে আইজেনকটের নেতৃত্বাধীন জোট পেয়েছে ৪৮টি আসন। আরব নেতাদের নেতৃত্বাধীন দল রাআম ও জোট জয়েন্ট লিস্টের ১৯টি আসন যোগ হলে দাঁড়ায় ৬৭। ইসরায়েলের ১২০ আসনের পার্লামেন্ট নেসেটে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ৬১ আসন।