এইচএসসি ও সমমানের পরীক্ষায় প্রত্যাশিত ফলাফল না পেয়ে খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেছে ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী। তারা মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করেছে। ২৩ নভেম্বর ফল প্রকাশ করা হবে। গতকাল আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান এ তথ্য জানান।
তিনি বলেন, গত ৭ নভেম্বর ছিল খাতা পুনর্নিরীক্ষণের আবেদনের শেষ দিন। তবে শিক্ষার্থীদের সুবিধার্থে আবেদনের সময় বাড়িয়ে গতকাল দুপুর ১২টা পর্যন্ত করা হয়।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী, ২০২৫ সালে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের জন্য ১১টি শিক্ষা বোর্ডে ২ লাখ ২৬ হাজার ৫৬১ জন পরীক্ষার্থী ৪ লাখ ২৮ হাজার ৪৫৮টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করেছিল। এর আগের বছর ২০২৪ সালে ১১টি শিক্ষা বোর্ডে মোট আবেদন জমা পড়েছিল ৫ লাখ ৮ হাজার ১১৬টি।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, গত দুই বছরের তুলনায় এবার পুনর্নিরীক্ষণের আবেদন দ্বিগুণেরও বেশি হয়েছে। গত কয়েক বছরের মধ্যে এবারই সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে।
গত ৩০ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এবার ১২ লাখ ৪০ হাজার ৯৭৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। অকৃতকার্য হয়েছে ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন।
জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন। এবার পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ, যা গত ২২ বছরের মধ্যে সর্বনিম্ন।










