বিশ্ব দৃষ্টি দিবস ২০২৬ উপলক্ষে নওগাঁয় আম চাষী ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যদের বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা দিয়েছে এমটিবি ফাউন্ডেশন। ইস্পাহানি ইসলামিয়া আই ইনস্টিটিউট অ্যান্ড হসপিটালের সহযোগিতায় সম্প্রতি এ চক্ষু শিবিরের আয়োজন করা হয়।
‘লাভ ইউর আইজ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ‘কমিউনিটি আই হেলথ পার্টনারশিপ ফর প্রিভেন্টিং অ্যাভয়েডেবল ব্লাইন্ডনেস অ্যামং দ্য ম্যাঙ্গো গ্রোয়ার্স অ্যান্ড এথনিক কমিউনিটি’ প্রকল্পের আওতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। এতে এমটিবি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সামিয়া চৌধুরী ও সহযোগী নাজমুস সাকিব উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, রাজশাহী বিভাগের অর্থনীতিতে আম চাষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে দীর্ঘ সময় খোলা মাঠে কাজ করার কারণে আম চাষীরা তীব্র সূর্যালোক, অতিবেগুনি রশ্মি, ধূলিকণা ও কৃষি রাসায়নিকের সংস্পর্শে থাকেন। এতে তাদের চোখের বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে, যা জীবিকাকেও প্রভাবিত করতে পারে।
চক্ষু শিবিরে সুবিধাবঞ্চিত মানুষের চোখ পরীক্ষা, ওষুধ সরবরাহ ও প্রেসক্রিপশন অনুযায়ী চশমা বিতরণ করা হয়। পাশাপাশি ছানি, টেরিজিয়াম, ডিসিআর ও ডিসিটি সার্জারিসহ প্রয়োজনীয় চক্ষু চিকিৎসাসেবা দেয়া হয়। চোখের যত্ন ও প্রাথমিক চক্ষু পরিচর্যা বিষয়ে সচেতনতা বাড়াতে আয়োজন করা হয় বিভিন্ন সেশন।
চলতি বছরের মধ্যে নওগাঁর বিভিন্ন এলাকায় আরো কয়েকটি চক্ষু শিবির আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে এমটিবি ফাউন্ডেশন।









