খুলনায় দুর্বৃত্তদের ছোড়া লক্ষ্যভ্রষ্ট গুলিতে মশিউর রহমান (৫৯) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। আজ রোববার রাত ৮টার দিকে নগরের মিয়াপাড়া এলাকার কেন্দ্রীয় জামে মসজিদের পাশে একটি চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে। তিনি রূপসা উপজেলা শিক্ষা অফিসের হিসাবরক্ষক হিসেবে কর্মরত।

মশিউর রহমান জানান, মেয়ের জন্য খাবার কিনতে মিয়াপাড়া থেকে পিটিআই মোড়ের দিকে যাচ্ছিলেন তিনি। পথে হাসানের চায়ের দোকানের সামনে পৌঁছালে তিনজনকে দেখতে পান। এ সময় তারা অন্য কাউকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তবে গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে তার বাম পাঁজরের নিচে লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, কারা এবং কী উদ্দেশ্যে গুলি করেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সহকারী পুলিশ কমিশনার (খুলনা জোন) শফিকুল ইসলাম বলেন, আহত ব্যক্তি হাসপাতালে রয়েছেন। ঘটনার বিস্তারিত জানতে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। কারা, কী কারণে এবং কাকে লক্ষ্য করে গুলি ছুড়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।