দেশে একদিনে হামের উপসর্গ নিয়ে দুজন এবং ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত এ মৃত্যুর ঘটনা ঘটে। তবে এ সময়ের মধ্যে নিশ্চিত হামে কেউ মারা যায়নি। একই সময় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ২২৫ জন। অন্যদিকে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ হাজার ৩৩৩ জন।

গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হাম ও ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা ও ময়মনসিংহ বিভাগে হামের উপসর্গ নিয়ে একজন করে মোট দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ১০৫ জন ও হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৭৭ জনের মৃত্যু হয়েছে।

এদিকে নতুন করে ১ হাজার ১৩৮ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। এ নিয়ে সন্দেহভাজন হাম রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩৮ হাজার ৮৪০ জনে। একই সময়ে নতুন করে ৮৭ জনের হাম শনাক্ত হয়েছে। ফলে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হাম আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ হাজার ৪৪২ জনে।

অন্যদিকে স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ হাজার ৩৩৩ জন। এ সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৬১ জনে।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৯ হাজার ৯১৩ জনে। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৪৩ হাজার ৩৮৯ জন। উল্লেখিত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে ঢাকা বিভাগে ১ হাজার ১২৪ জন। এছাড়া খুলনায় ৩৩২, চট্টগ্রামে ২৭২, বরিশালে ২৩১, রাজশাহীতে ২১৩, ময়মনসিংহে ৭৪, রংপুরে ৭৫ ও সিলেটে ১৫ জন ভর্তি হয়েছে।