রাজধানীর ভাটারায় একটি থেমে থাকা যাত্রীবিহীন স্কুল বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। ভাটারা থানার ডিউটি অফিসার উপপরিদর্শক দেবাশীষ বণিক বার্তাকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘একশ ফিট এলাকায় ইউআইইউ বিশ্ববিদ্যালয়ের উল্টো দিকে বসুন্ধরার গেটের সামনে জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের যাত্রীবিহীন একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।’

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়া রাজধানীর পল্লবী থানার সামনে ও মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

শাহবাগ থানা সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের পাশে, ভিসি চত্বরে ও নীলক্ষেত-সংলগ্ন মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে তিনটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

শাহবাগ থানা পুলিশের দেয়া তথ্য অনুযায়ী, আটককৃতদের মধ্যে রেজাউল করিমের (৪২) গ্রামের বাড়ি নাটোরে, সোহেল রানার (৩৩) বাড়ি রাজশাহীতে এবং নাজমুস সাদের (৩৩) বাড়ি গোপালগঞ্জে।

এদিকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা গেছে, অজ্ঞাতপরিচয়ধারী দুই দুর্বৃত্ত মোটরসাইকেলে করে এসে পল্লবী থানার পাশের ফ্লাইওভারের ওপর থেকে থানার প্রাঙ্গণে একটি ককটেল নিক্ষেপ করে। এ ঘটনায় জড়িত কাউকে এখনো গ্রেফতার করা সম্ভব হয়নি।

পল্লবী থানার ওসি জালাল উদ্দিন বণিক বার্তাকে বলেন, ‘আতঙ্ক সৃষ্টির লক্ষ্যেই থানা প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। কাউকে গ্রেফতার করা যায়নি। দুর্বৃত্তদের চিহ্নিত করে গ্রেফতারে অভিযান পরিচালনা করা হচ্ছে।’

মালিবাগে সিআইডির প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত হয়নি। গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

পল্টন থানার ওসি আরিফুল আলম আরিফ বলেন, ‘মালিবাগের বীর উত্তম শামসুল আলম সড়কে সিআইডি কার্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।’