জেমস বন্ড চরিত্রে নতুন অভিনেতা নির্বাচনের গুঞ্জন ক্রমেই জোরালো হচ্ছে। এর মধ্যেই আলোচনায় যুক্ত হয়েছে প্রথম সারির আরো দুই তারকার নাম। এ চরিত্রের জন্য স্ক্রিন টেস্টে অংশ নিয়েছেন ব্রিটিশ অভিনেতা রবার্ট প্যাটিনসন ও নিকোলাস হল্ট। দুজনেরই অভিনয়জীবনে রয়েছে উল্লেখযোগ্য সাফল্য। বন্ড চরিত্রে অভিনয়ের কমবেশি সব শর্তই পূরণ করেন তারা।

পর্দার সর্বশেষ বন্ড ছিলেন ড্যানিয়েল ক্রেইগ। ১৫ বছর এ চরিত্র রূপায়ন করেছেন তিনি। এরপর কে হবেন বন্ড তারকা তা নিয়ে বহু কথাই হচ্ছে। তবে সর্বশেষ এ দুজনকে (রবার্ট প্যাটিনসন ও নিকোলাস হল্ট) সবচেয়ে সম্ভাবনাময় মনে করছে বিদেশী গণমাধ্যমগুলো। কেননা বড় বাজেটের ফ্র্যাঞ্চাইজি সিনেমায় কাজের অভিজ্ঞতাও রয়েছে দুই অভিনেতার।

প্যাটিনসন ডিসি স্টুডিওর ব্যাটম্যান চরিত্রে অভিনয় করছেন। এর আগে তিনি ‘টোয়াইলাইট’ ও ‘হ্যারি পটার’ ফ্র্যাঞ্চাইজির সিনেমায়ও কাজ করেছেন। অন্যদিকে নিকোলাস হল্ট ডিসির সুপারম্যান সিনেমায় লেক্স লুথর চরিত্রে অভিনয় করছেন। এছাড়া ২০১০-এর দশকে মুক্তি পাওয়া ‘এক্স-মেন’ প্রিকুয়াল ট্রিলজিতেও তাকে দেখা গেছে। ১৩ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে অ্যামাজন এমজিএম স্টুডিওসের সিনেমা ‘হাউ টু রব আ ব্যাংক’। এ সিনেমায় অভিনয় করেছেন হল্ট। অন্যদিকে দেনি ভিলেনোভ পরিচালিত বহুল প্রতীক্ষিত ‘ডু: পার্ট থ্রি’তে অভিনয়ের সুবাদে বন্ড চরিত্রের দৌড়ে বাড়তি সুবিধা পেতে পারেন প্যাটিনসন।

বন্ডের নতুন সিনেমার পরিচালক হিসেবে গত বছর ভিলনোভের নাম ঘোষণা করেছে অ্যামাজন এমজিএম স্টুডিওস। চিত্রনাট্য লেখার দায়িত্ব দেয়া হয় ‘পিকি ব্লাইন্ডার্স’-এর নির্মাতা স্টিভেন নাইটকে। বন্ড সিরিজের ২৬তম সিনেমাটির কাজ এগিয়ে নেয়াকে এখন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন ফ্র্যাঞ্চাইজিটির নতুন দায়িত্বপ্রাপ্ত প্রযোজক অ্যামি প্যাসকেল ও ডেভিড হেইম্যান।

এরপর থেকে ব্রিটিশ সংবাদমাধ্যমে ত্রিশোর্ধ্ব প্রায় সব অভিনেতার নামই নতুন জেমস বন্ড হওয়ার সম্ভাব্য তালিকায় উঠে এসেছে। সম্ভাব্য শীর্ষ প্রতিযোগীদের মধ্যে রয়েছেন ক্যালাম টার্নার, জশ ও’কনর ও জ্যাক লোডেন। নব্বইয়ের দশকের জেমস বন্ড পিয়ার্স ব্রসনান সম্প্রতি ক্যালাম টার্নারের প্রতি সমর্থন জানিয়েছেন। অন্যদিকে নিজের ‘স্লো হর্সেস’ সহ-অভিনেতা জ্যাক লোডেনের পক্ষে কথা বলেছেন গ্যারি ওল্ডম্যান। ওল্ডম্যানের দাবি, পরবর্তী জেমস বন্ড এরই মধ্যে নির্বাচন করা হয়ে গেছে। তবে এখনো আনুষ্ঠানিকভাবে নতুন বন্ডের নাম ঘোষণা করা হয়নি।

এ বিষয়ে কাস্টিং-সংক্রান্ত গুঞ্জন নিয়ে মন্তব্য করতে রাজি হয়নি অ্যামাজন।

সূত্র: ভ্যারাইটি