সুইজারল্যান্ডের জেনেভা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা সিরিজের পুরস্কার জিতেছে নির্মাতা আবদুল্লাহ মোহাম্মাদ সাদ পরিচালিত বাংলাদেশী মিনিসিরিজ ‘অ্যানি’। এবারের ৩২তম আসরে প্রথমবার অংশ নিয়েই ‘ফিউচার ইজ সেন্সিবল অ্যাওয়ার্ড ফর বেস্ট সিরিজ’ অর্জন করেছে নাজিফা তুষি অভিনীত সিরিজটি।
গত ৭ নভেম্বর সন্ধ্যায় জেনেভার মেজোঁ কম্যুনাল দ্য প্লেনপালের থিয়েটার পিটোয়েফে উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে ‘ফিউচার ইজ সেন্সিবল’ বিভাগে নির্বাচিত প্রজেক্টগুলোর মধ্যে সেরা সিরিজ হিসেবে ‘অ্যানি’র নাম ঘোষণা করা হয়।
আন্তর্জাতিক এ স্বীকৃতিতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সিরিজটির কলাকুশলীরা। তাদের পক্ষ থেকে জানানো হয়, ‘আমরা শুধু একটি গল্প বলতে চেয়েছিলাম। আজ সে গল্পকে নিজ ডানায় ভর করে উড়তে দেখে ভীষণ ভালো লাগছে। অ্যানি আমাদের অনেকের আস্থা ও সাহসের সম্মিলিত একটি স্বপ্নের দীর্ঘযাত্রা। এ আন্তর্জাতিক স্বীকৃতি আমাদের সে যাত্রাকে আরো বিশেষ ও স্মরণীয় করে তুলেছে।’
পুরস্কার ঘোষণার আগে জেনেভা উৎসবে সিরিজটির দুটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়। ২ ও ৫ নভেম্বর জেনেভার ‘লে সিনেমা দু গ্র্যুতি–সাল সিমোঁ’ প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয় ‘অ্যানি’। এর আগে গত ৯ জুন জার্মানির কোলনে অনুষ্ঠিত আন্তর্জাতিক সিরিজ উৎসব ‘সেরিয়েনক্যাম্প ফেস্টিভ্যাল’-এ সিরিজটির বিশ্ব প্রিমিয়ার হয়। উৎসবটির ‘উইমেন ইন সিরিজ’ বিভাগেও নির্বাচিত হয়েছিল এটি।
‘অ্যানি’র নাম ভূমিকায় অভিনয় করেছেন নাজিফা তুষি। এছাড়া বিভিন্ন চরিত্রে রয়েছেন ইয়াশ রোহান, সাইমন সাদিক, সারিকা সাবরিন, ফারহানা মিঠু, নাজাহ নাওয়ারসহ অনেকে। মেট্রোভিডিও, ক্যাটালগ ও জিরেল প্রযোজিত সিরিজটির প্রযোজক এহসানুল হক বাবু ও আলি আফজাল উজ্জ্বল। সহপ্রযোজক হিসেবে রয়েছেন তানভীর হোসেন, শিহাব নূরুন নবী, তুহিন তামিজুল, জোহান চ্যাপেলান, সাইফুল ইসলাম ও রায়হান সিকদার। বাংলাদেশের দর্শকের জন্য ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনে সিরিজটি মুক্তি দেয়ার কথা জানিয়েছেন প্রযোজকরা। আবদুল্লাহ মোহাম্মাদ সাদ এর আগে ২০১৬ সালে তার প্রথম চলচ্চিত্র ‘লাইভ ফ্রম ঢাকা’ দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পান। ২০২১ সালে তার দ্বিতীয় চলচ্চিত্র ‘রেহানা মরিয়ম নূর’ কান চলচ্চিত্র উৎসবের গুরুত্বপূর্ণ বিভাগ ‘আঁ সার্তে রিগা’য় নির্বাচিত হয়।










