আজ ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় ইন্দোনেশিয়া ইন্টারন্যাশনাল কালচার ফেস্টিভ্যাল ২০২২ শুরু হচ্ছে। এ আয়োজনে অংশগ্রহণ করবে বাংলাদেশের নৃত্য দল তুরঙ্গমী রেপার্টরি ড্যান্স থিয়েটার। ইন্দোনেশিয়া সরকারের আমন্ত্রণে ও পৃষ্ঠপোষকতায় এ উৎসবে অংশ নেবেন তুরঙ্গমীর আর্টিস্টিক ডিরেক্টর পূজা সেনগুপ্ত। উৎসবটি শেষ হবে ৩০ অক্টোবর।
উৎসবে বাংলাদেশের আরতি নাচের ওপর কর্মশালা পরিচালনা করবেন পূজা। যেখানে আন্তর্জাতিক নৃত্য পেশাদাররা অংশগ্রহণ করবেন। এ উৎসবের অংশ হিসেবে জাভার বাদুং শহরে অনুষ্ঠেয় জনপ্রিয় বাদুং আন্তর্জাতিক উৎসবেও অংশ নেবেন তিনি। এতে তুরঙ্গমীর প্রযোজনা নন্দিনী মঞ্চায়িত হবে।
চলতি বছর এপ্রিলে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় ইউনেস্কো, আইটিআই ও ফিলিপাইন সরকারের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এসডিজি সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল (এসডিজি) রেসিলি-আর্ট ফেস্টিভ্যাল ২০২২’-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন পূজা সেনগুপ্ত। এছাড়া গত জুলাইয়ে দক্ষিণ কোরিয়া সরকারের আমন্ত্রণে প্রথম বাংলাদেশী দল হিসেবে দক্ষিণ কোরিয়ার দেইগু শহরে বিশ্বের অন্যতম বৃহত্তম নাচের প্যারেডে পূজা সেনগুপ্তর নেতৃত্বে অংশ নিয়েছে তার দল।
২০১৪ সালে প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশের নাচের নিজস্ব ধারা নির্মাণ ও নাচে পেশাদারিত্ব অর্জনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে তুরঙ্গমী।
এর মধ্য ২০১৪ ব্যাংকক ফেস্টিভ্যাল, ২০১৭ ভিয়েতনাম আন্তর্জাতিক নৃত্য উৎসব, ২০১৭ দিল্লি ইন্টারন্যাশনাল আর্ট ফেস্টিভ্যাল, ২০১৮ চীন সিল্ক রোড এক্সপো—ডুঙহুয়াং কনফারেন্স, ২০১৮ রাশিয়া সেন্ট পিটার্সবার্গ নৃত্য শিক্ষা সম্মেলন, ২০১৯ প্যারিসে জাতিসংঘের ইউনেস্কো সদর দপ্তরে পূজা সেনগুপ্তর ভাষণ, ২০২২ ম্যানিলায় আইটিআই, জাতিসংঘের টেকসই উন্নয়ন অভীষ্ট উৎসব এবং ২০২২ দেইগু কালারফুল ফেস্টিভ্যালে অংশগ্রহণ উল্লেখযোগ্য।
কাজের স্বীকৃতিস্বরূপ ২০১৯ সালে প্রথম বাংলাদেশী নৃত্যশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে তুরঙ্গমী স্কুল অব ড্যান্স ও ব্যক্তিগতভাবে ইন্টারন্যাশনাল ড্যান্স কাউন্সিল ইউনেস্কোর সদস্যপদ লাভ করেন।
সংস্কৃতিকে উদ্যোগ হিসেবে গড়ে তরুণ শিল্পীদের কাজের ক্ষেত্র নির্মাণের জন্য ২০১৮ সালে সম্মানজনক উদ্যোক্তা পুরস্কার ‘নুরুল কাদের সম্মাননা’ লাভ করেন তিনি।










