রাজকুমার পেরিয়াস্বামী পরিচালিত সিনেমা ‘ওম: চ্যাপ্টার ওয়ান’। অভিনয় করেছেন ধানুশ ও মামুত্তি। সিনেমাটি ১৬ অক্টোবর মুক্তির কথা ছিল। তবে ধানুশ জানালেন এখন আপাতত মুক্তি পাচ্ছে না ওম। রজনীকান্তের ‘জেলার টু’র সঙ্গে মুক্তি দিচ্ছেন না সিনেমাটি। তার মতে এতে দুটো সিনেমাই ক্ষতিগ্রস্ত হবে। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে ধানুশ জানান, রজনীকান্তের প্রতি সম্মান জানাতেই এই সিদ্ধান্ত।

ধানুশ লেখেন, ‘এ ধরনের সময়ে কোনো সিনেমার মুক্তি পিছিয়ে দেওয়া নানা ধরনের চ্যালেঞ্জ তৈরি করে। আমাদের সুপারস্টার রজনীকান্ত স্যারের সিনেমা মুক্তি পাচ্ছে ১৫ অক্টোবর। তাকে আমরা বছরের পর বছর শ্রদ্ধা ও ভালোবাসায় অনুসরণ করে এসেছি। আমাদের সিনেমার ঠিক এক দিন আগে তার সিনেমাটি মুক্তি পাচ্ছে। তার প্রতি গভীর শ্রদ্ধা থেকেই আমরা আমাদের সিনেমা ওম-এর মুক্তি পরবর্তী কোনো তারিখে পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

এরপর স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, তাহলে দীপাবলির সময় সিনেমাটি মুক্তি দেওয়া হচ্ছে না কেন? এর কারণ সুরিয়া। ধানুশ জানান, দীপাবলিতেও ওম মুক্তি পাবে না। কারণ ওই একই তারিখে সুরিয়ার একটি সিনেমার মুক্তি আগেই ঘোষণা করা হয়েছে।

ধানুশ লেখেন, ‘একই সময়ে আমরা এ বছর দীপাবলিতেও মুক্তি দিচ্ছি না, কারণ সুরিয়া স্যারের সিনেমার মুক্তির তারিখ একই সময়ের জন্য আগেই ঘোষণা করা হয়েছে। ন্যায্যতার দিক থেকে তারাই প্রথম এই তারিখ ঘোষণা করেছিল। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, বড় সিনেমাগুলোর মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও একে অন্যের সিদ্ধান্তের প্রতি সম্মান থাকা উচিত। বৃহত্তর অর্থে সিনেমা ও চলচ্চিত্রশিল্পের স্বার্থের কথা মাথায় রেখেই আমাদের সিদ্ধান্ত নেওয়া উচিত।’

অক্টোবর নভেম্বরে বেশকিছু তামিল সিনেমা মুক্তি পাচ্ছে। ফলে ওমের জন্য এই সময়টা বেশ জটিল। এমনিতেই রজনীকান্তের কোনো সিনেমা মুক্তির এক সপ্তাহের মধ্যে অন্য কোনো তামিল সিনেমা মুক্তি পেলে সেটিকে পর্দা, দর্শকের মনোযোগ এবং বক্স অফিসের দৌড়ে কঠিন প্রতিযোগিতার মুখে পড়তে হয়। বিশেষ করে জেলার-এর মতো সফল সিনেমার পরবর্তী কিস্তির ক্ষেত্রে সেই প্রতিযোগিতা আরও তীব্র হওয়ার সম্ভাবনা থাকে।

অন্যদিকে ৬ নভেম্বর দীপাবলির সময়টিও বেশ ব্যস্ত। আভেশামখ্যাত পরিচালক জিতু মাধবন পরিচালিত সুরিয়ার ‘সিন’ সিনেমার মুক্তির তারিখ অনেক আগেই ওই দিনের জন্য ঘোষণা করা হয়েছে। সিনেমাটির সংগীত পরিচালনা করছেন সুশিন শ্যাম। একই সময়ে মুকুথি আম্মান সিনেমার সিকুয়াল মহাশক্তিও মুক্তির প্রস্তুতি নিচ্ছে। এতে অভিনয় করেছেন নয়নতারা।

সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস