চট্টগ্রামের পটিয়ায় জন্ম অভিনেত্রী সাবিলা নূরের। ছোটবেলা থেকেই করতেন নাচের চর্চা। প্রথম শ্রেণীতে পড়ার সময়ই জিতে নেন পদ্মকুঁড়ি চ্যাম্পিয়নের খেতাব। তবে শোবিজ অঙ্গনে আসার কোনো পরিকল্পনা তখন ছিল না তার। ২০১০ সালে আদনান আল রাজীবের হাত ধরে মডেলিংয়ে যাত্রা শুরু করেন সাবিলা। তার মাধ্যমেই পরিচয় হয় পরিচালক রেদোয়ান রনির সঙ্গে, যার নির্মিত ‘ইউটার্ন’ নাটকে ২০১৪ সালে প্রথম অভিনয় করেন তিনি। এর পর থেকে ধারাবাহিকভাবে অভিনয় করে যাচ্ছেন এ অভিনেত্রী। গত বছর ঈদুল আজহায় ‘তাণ্ডব’ সিনেমায় শাকিব খানের সঙ্গে প্রথম জুটি বাঁধেন সাবিলা। চলতি বছর ঈদুল ফিতরে ‘বনলতা এক্সপ্রেস’ ও ঈদুল আজহায় ‘রকস্টার’-এ ফের কাজ করেছেন তিনি।

এ অভিনেত্রী এবার ফিরছেন ভিন্নধর্মী গল্প নিয়ে। তানিম নূরের প্রযোজনায় নির্মিত হতে যাওয়া সিনেমাটির নাম ‘কানাভুলা প্যারাডক্স’। সময়-ভ্রমণ, রোমান্স ও রহস্যের মিশেলে তৈরি এ সিনেমা নির্মাণ করছেন তরুণ নির্মাতা জুটি আয়মান আসিব স্বাধীন ও সুস্ময় সরকার।

সিনেমায় একের পর এক কাজের সুযোগ তৈরি হওয়ায় নিজের ক্যারিয়ার নিয়েও এখন নতুন করে ভাবছেন সাবিলা। বড় পর্দায় নিয়মিত হওয়ার পাশাপাশি ভালো গল্প ও চরিত্র বেছে নেয়ার দিকেই বেশি মনোযোগ দিচ্ছেন তিনি।

সাবিলা বলেন, ‘সময়টা দারুণ যাচ্ছে। তবে দায়িত্ব আরো বেড়েছে। অনেক কিছু শিখছি। দর্শক যেভাবে ভালোবাসা ও সমর্থন দিয়েছেন, তাতে তাদের প্রতি আমার দায়িত্ববোধ আরো বেড়ে গেছে। দর্শকের এ ভালোবাসাই আমাকে আরো ভালো কাজ করার অনুপ্রেরণা দেয়। পরিবারের সমর্থনও আমার সবচেয়ে বড় শক্তি।’

বড় পর্দায় নিজের জায়গা আরো শক্ত করতে চান সাবিলা। এরই মধ্যে বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন এবং গল্পও শুনেছেন। এখন গল্প ও চরিত্র বাছাইয়ের ক্ষেত্রেই সবচেয়ে বেশি মনোযোগ দিচ্ছেন তিনি। অভিনেত্রী বলেন, ‘এখন আমার লক্ষ্য বড় পর্দায় ব্যস্ত হওয়া। সে লক্ষ্যে এগোচ্ছি। বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছি, গল্প শুনেছি। এখন গল্প ও চরিত্র বাছাইয়ের ক্ষেত্রেই সবচেয়ে বেশি মনোযোগ দিচ্ছি।’

অভিনেত্রীর ভাষায়, সিনেমায় চরিত্র অনুযায়ী নিজেকে প্রস্তুত করতে লম্বা সময় পাওয়া যায়, শুটিংও হয় সময় নিয়ে। তাই অভিনেত্রী হিসেবে সিনেমা আমার কাছে খুব ভালো প্লাটফর্ম। আমি এখানে নিয়মিত হতে চাই।