বিভিন্ন ইস্যুতে ঠোঁটকাটা মন্তব্যের জন্য বলিউডে কঙ্গনা রানাওয়াতের জুড়ি মেলা ভার। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে নেপোটিজম নিয়ে একাই যেন লড়ছেন বলিউডের ক্ষমতাধর প্রযোজক, অভিনেতাদের বিরুদ্ধে। জাতীয়তাবাদী ছবি নির্মাণ, মোদি সরকারের প্রশংসা করার কারণে তিনি বিজেপি ঘেঁষা বলে কথা উঠেছে অনেকবার। অনেকে তার এ রাজনৈতিক অবস্থান নিয়ে সমালোচনাও করেছেন। এমন প্রশ্নও উঠেছে যে আগামী লোকসভা নির্বাচনে কি তিনি বিজেপির টিকিট পেতে চাইছেন কিনা? এবার সোস্যাল মিডিয়ায় এ প্রশ্নের জবাব দিলেন কঙ্গনা। জানালেন, কংগ্রেস-বিজেপি দুই দলই তাকে দলে টানতে চেয়েছিল। কিন্তু তিনি রাজনীতি নয় বরং অভিনয় জীবনেই থাকতে চান।

শনিবার টুইটারে কঙ্গনা লেখেন, “একটা কথা সবাইকে জানাতে চাই, যারা ভাবেন বা ভাবছেন আমি রাজনীতিতে যোগ দিতে চাই বলে মোদিজিকে সমর্থন করি, বিষয়টা কিন্তু তা নয়। আমার দাদু টানা ১৫ বছর ধরে কংগ্রেসের বিধায়ক। হিমাচলে আমার পরিবার রাজনীতিতে অত্যন্ত জনপ্রিয়। এতটাই যে আমার প্রথম ছবি ‘গ্যাংস্টার’-এর সময় থেকেই আমি কংগ্রেসে যোগ দেয়ার ডাক পেয়ে এসেছি। এর পর ‘মণিকর্ণিকা’ মুক্তি পাওয়ার পর আমি বিজেপিতে যোগ দেয়ারও ডাক পেয়েছি। দুই দলই আমায় টিকিট দিতে চেয়েছিল। কিন্তু আমি রাজি হইনি। কারণ আমার কাজ নিয়ে আমি খুব ব্যস্ত। অভিনয়ই আমার জীবনের ভালোবাসা। আর তা নিয়েই আমি মনোযোগী থাকতে চাই। তবে স্বাধীন চিন্তাধারায় আমি বিশ্বাসী, তাই ভয় না পেয়ে নিজের মনের কথা জানাই। তাতে অনেকে ট্রোল করেন, আর তা বন্ধ হওয়া প্রয়োজন।”

কঙ্গনা রানাওয়াতের সর্বশেষ ছবি ‘পাঙ্গা’ মুক্তি পায় এ বছর জানুয়ারিতে। ২৯ কোটি টাকা বাজেটের ছবিটি ৪৯ কোটি টাকা আয় করে। আগামীতে কঙ্গনার মুক্তির তালিকায় রয়েছে জয়ললিতার বায়োপিক ‘থালাইভি’ ও অ্যাকশন ছবি ‘ধাকড়’।

 

সূত্র: মুম্বাই মিরর