পপ কুইন ম্যাডোনা এখন চিত্রনাট্য লিখছেন। এ নিয়ে ‘জুনো’র লেখক ডিবালো কোডির সঙ্গে কাজ করছেন তিনি। সম্প্রতি একটি সাদা-কালো ভিডিও শেয়ার করেছেন। সেখানে দেখা গেছে ম্যাডোনা ডিবালোর সঙ্গে কোনো বিষয়ে আলোচনা করছেন।

ভিডিওটি শেয়ার করে ম্যাডোনা লিখেছেন, ‘অনেক শারীরিক আঘাত নিয়ে ঘর আটকে থাকতে হলে আপনি কী করবেন? ডিবালোর সঙ্গে চিত্রনাট্য লিখবেন?’ ম্যাডোনা ও ডিবালো ভিডিওতে যে টেবিলকে ঘিরে আলোচনা করতে দেখা যায়, সেখানে অনেক লেখার খসড়া কাগজ ছড়িয়ে আছে। আর ম্যাডোনাকে বলতে শোনা যায়, ‘এসব ডিটেইল গুরুত্বপূর্ণ।’

অন্যদিকে সম্প্রতি ম্যাডোনা ইন্টারস্কোপের সঙ্গে তার চুক্তির সমাপ্তি টেনেছেন। চুক্তি অনুযায়ী তাদের সঙ্গে ম্যাডোনার তিনটি অ্যালবাম করার কথা ছিল, যা গত বছরের ‘ম্যাডাম এক্স’ অ্যালবামটির মাধ্যমে শেষ হয়। চুক্তি অনুযায়ী প্রত্যেকটি এলপির জন্য ম্যাডোনা পেয়েছেন ১০ লাখ ডলার। প্রায় এক দশক ধরে ম্যাডোনা ইন্টারস্কোপের সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন। এ চুক্তি হয়েছিল ২০১১ সালে। ম্যাডোনা এবার অন্য কোনো প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করতে চাইছেন।


দ্য সানের প্রতিবেদন অনুসারে, ম্যাডোনা ওয়ার্নার মিউজিকে ফিরতে চাইছেন। ১৯৮৩-২০০৮ সাল পর্যন্ত ম্যাডোনার অনেক অ্যালবাম প্রকাশিত হয়েছে এই ওয়ার্নার মিউজিক থেকে। তবে এখনো তিনি নতুন কোনো চুক্তিতে যুক্ত হননি। ওয়ার্নার মিউজিকও কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

ইন্টারস্কোপের জন্য ম্যাডোনার করা তিনটি অ্যালবামই বিলবোর্ড টু হান্ড্রেড টপারসে জায়গা করে নিয়েছে। অ্যালবাম তিনটি হলো এমডিএনএ (২০১২), রেবেল হার্ট (২০১৫) ও ম্যাডাম এক্স (২০১৯)।

২০১৬ সালে বিলবোর্ডের উইমেন ইন মিউজিক অনুষ্ঠানে ম্যাডোনা ‘উইম্যান অব দ্য ইয়ার’ ঘোষিত হয়েছিলেন। ক্যারিয়ারে সবসময়ই নানা কারণে মিডিয়ায় নিয়মিতই সংবাদ হয়েছেন এই পপ আইকন। ১৪ আগস্ট ম্যাডোনা ডুয়া লিপার ‘লেভিটেটিং’ গানের রিমিক্সে অংশ নেবেন। বিলবোর্ডে ম্যাডোনা গত বছর ৫০তম নাম্বার ওয়ান হিট উপহার দিয়েছেন।

 

সূত্র: হলিউড রিপোর্টার