বলিউডের প্রবীণ অভিনেত্রী তাবাসসুম গোভিল মারা গেছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার মুম্বাইয়ের একটি হাসপাতালে ৭৮ বছর বয়সী এ অভিনেত্রী মারা যান। বলিউডে বেবি তাবাসসুম নামেই তিনি পরিচিত ছিলেন। শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করেছিলেন তিনি। বর্তমান সময়ে বলিউডের অনেক তারকার ছোটবেলা কেটেছে তাবাসসুমের অভিনয় দেখে। অনেক তারকা ও নির্মাতারাই তাকে আদর্শ মনে করেন। এ তারকাদের দলে আছেন বলিউডের সফল নির্মাতা করণ জোহর। কেবল অভিনয়েই সীমাবদ্ধ থাকেননি তাবাসসুম। ১৯৭২ সালে ‘ফুল খিলে হ্যায় গুলশন গুলশন’ সঞ্চালনা শুরু করেন। অভিনয়ের মতো সেখানেও দর্শকের ভালোবাসা পান তিনি। ১৯৯৩ সাল অবধি তিনি টেলিভিশন শোটির সঞ্চালনা করেন। সঞ্চালনার ভিন্নমাত্রা যোগ করে সে সময়ে ভারতজুড়ে আরো জনপ্রিয়তা অর্জন করে নেন।
তাবাসসুমের সঞ্চালনা স্টাইল করণ জোহরকে আকৃষ্ট করে। একাধিক সাক্ষাৎকারে করণ বলেছেন, তাবাসসুমের সঞ্চালনার ধারা তাকে অনেক বেশি অনুপ্রাণিত করেছে। সম্প্রতি একটি ভারতীয় সংবাদমাধ্যমে টুইঙ্কল খান্নার সঙ্গে এক সাক্ষাৎকারে করণ জানান, তিনি সবসময় চাইতেন তাবাসসুমের মতো হতে। এ নিয়ে তিনি বলেন, ‘আমার পরিবারের সবাই মিলে একবার দিলীপ কুমারের বাড়িতে গিয়েছিলাম। আর সে সময়ে তাবাসসুম গোভিলও ওখানে ছিলেন। ওই সময় আমার বারবার মনে হচ্ছিল আমি তার সঙ্গে আরো কিছুক্ষণ থাকতে চাই। এরপর একবার আমার বাবা ছোটবেলায় আমাকে প্রশ্ন করেছিলেন- আমি বড় হয়ে কী হতে চাই। আমার এখনো স্পষ্ট মনে পড়ে, জবাবে আমি বাবাকে বলেছিলাম, আমি তাবাসসুম হতে চাই। আর হ্যাঁ, আমি এখন তাবাসসুম হতে পেরেছি। কারণ সবসময়ই আমি একটি চ্যাট শো করতে চেয়েছিলাম। তিনি সত্যিই একজন আদর্শ।’"
২০০৪ সাল থেকে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো কফি উইথ করণ সঞ্চালনা শুরু করেন করণ জোহর। কফি উইথ করণ নিয়ে বলতে গিয়ে তিনি আরো বলেন, ‘আমি প্রথমে জোহরকে কফি উইথ করণের বিষয়ে আমার বাবা যশ জানাই। এটা শোনার পর বাবা আমাকে বলেছিলেন, তুমি তোমার বন্ধুদের ডেকে কথা বলবে, আর লোকে সেটা দেখবে? আমি জবাবে বলেছিলাম হ্যাঁ, কারণ অনেক তারকাই এটা নিয়ে বেশ আগ্রহী। এরপর বাবা ফের আমাকে প্রশ্ন ছুড়ে দিয়ে বলেছিলেন, কেন লোকে তোমার এ আড্ডা পর্দায় দেখার জন্য অর্থ ব্যয় করবে? তুমি কি তাবাসসুম হতে চাচ্ছো?’ বর্তমানে শোটির সপ্তম সিরিজ চলছে। প্রতি সিজনেই তারকারা আসেন এবং তাদের সঙ্গে নানা বিষয় নিয়ে কথা বলেন করণ জোহর। জনপ্রিয় চ্যাট শোয়ের একটি কফি উইথ করণ। আর এ শোয়ের অনুপ্রেরণা ছিল প্রয়াত অভিনেত্রী তাবাসসুম।
‘মেরা সুহাগ’, ‘মঞ্জধর’, ‘বারী বেহেন’-এর মতো আরো সিনেমায় শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করে দর্শকের ভালোবাসা পান তাবাসসুম। এরপর ১৯৫০-এর দশকে ‘সারগাম’, ‘সংগ্রাম’, ‘দিদার’-এর মতো সিনেমায় অভিনয় করেন। পৃথ্বীরাজ কাপুর, দিলীপ কুমার ও মধুবালা অভিনীত ‘মুঘল-ই-আজম’ সিনেমায়ও অভিনয় করেছিলেন তাবাসসুম।
সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস










