মঞ্চ দিয়ে অভিনয়ে হাতেখড়ি অভিনেতা আ খ ম হাসানের। পরে ছোট পর্দায় নিয়মিত কাজ করে দীর্ঘদিন জনপ্রিয়তা ধরে রেখেছেন। সমসাময়িক অনেক অভিনেতা আগেই ওটিটি মাধ্যমে কাজ শুরু করলেও এ মাধ্যমে কিছুটা দেরিতে পা রাখেন আ খ ম হাসান। এরই মধ্যে কয়েকটি ওয়েব কনটেন্টে অভিনয় করেছেন তিনি। এবার মোস্তাফিজুর নূর ইমরানের নাম ঠিক না হওয়া একটি ওয়েব সিরিজে দেখা যাবে তাকে।

নতুন সিরিজটির গল্প সম্পর্কে বিস্তারিত না জানালেও কাজটির ধরন নিয়ে কিছুটা ধারণা দিয়েছেন আ খ ম হাসান। গণমাধ্যমকে তিনি বলেন, ‘গল্প শোনানো হয়েছে আমাকে। অক্টোবরে শুটিং শুরু হবে। ভৌতিক সামাজিক একটি সিরিজ হবে। গল্পটা বেশ ক্রিটিক্যাল। এ রকম কাজ সচরাচর হয় না। আট পর্বের সিরিজ এটি।’

সিরিজের গল্পে সমাজের কিছু মানুষের অপকর্মের বিপরীতে প্রকৃতির প্রতিশোধের বিষয়টি উঠে আসবে। নিজের চরিত্রটিও গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন এ অভিনেতা। তিনি বলেন, ‘সমাজে কিছু মানুষ আছে যারা অন্যের অনিষ্ট করে, অশান্তি সৃষ্টি করে। তাদের ওপর প্রকৃতির প্রতিশোধ নেমে আসতে দেখা যাবে। এর চেয়ে বেশি বলতে পারব না। এখন পর্যন্ত যে রকম কথা হয়েছে সে অনুযায়ী আমার চরিত্রটা খুবই গুরুত্বপূর্ণ।’

ওটিটিতে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে আ খ ম হাসান বলেন, ‘ওটিটিতে কাজগুলো ধরে ধরে করা হয়। সবকিছুতে যত্নের ছাপ ও পরিপূর্ণতা থাকে। ফিল্মের মতো অনেকটা। যেটা আমরা ইউটিউব নাটকগুলোয় সচরাচর পাই না। সব মিলিয়ে ওটিটির অভিজ্ঞতা ভালো।’0 নতুন সিরিজটির নির্মাতা মোস্তাফিজুর নূর ইমরান এখনই এটি নিয়ে বিস্তারিত জানাতে চাননি।