চলচ্চিত্র পরিচালক ছটকু আহমেদের কাহিনী, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনায় ‘আহারে জীবন’ সিনেমার শুটিং শুরু হয়েছে। সরকারি অনুদান প্রাপ্ত সিনেমাটিতে অভিনয় করেছেন ফেরদৌস আহমেদ ও দিলারা হানিফ পূর্ণিমা। জাতীয় পুরস্কার প্রাপ্ত এ দুই তারকা অভিনয় থেকে কিছুদিনের বিরতিতে ছিলেন। ছটকু আহমেদের আহারে জীবন সিনেমাটির মধ্য দিয়ে ফের শুটিং সেটে ব্যস্ত সময় পার করছেন জনপ্রিয় এ দুই তারকা। আহারে জীবন সিনেমায় অভিনয় প্রসঙ্গে ফেরদৌস আহমেদ বলেন, ‘চলচ্চিত্রে আমার গুরু শ্রদ্ধেয় ছটকু ভাই। সত্যি বলতে অভিনয়ের জীবনের শুরুতে তার কাছেই অভিনয়ের অনেক কিছু শিখেছি। সিনেমার শুটিংয়ের সময় তিনি আমাকে বলতেন অভিনয়টা কীভাবে করলে ভালো হবে কিংবা সালমান শাহ কীভাবে অভিনয় করতেন। আমিও তখন ছটকু ভাইয়ের সব কথা গুরুত্ব দিয়ে অভিনয়টা শেখার চেষ্টা করেছি। তবে অবাক করার বিষয় এরপর কোনো সিনেমায় তার নির্দেশনায় কাজ করার সুযোগ হয়ে ওঠেনি। দীর্ঘ ২৫ বছর পর আবারো তার নির্দেশনায় কাজ করছি, ভীষণ ভালো লাগছে। এই এক সিনেমায়ই সুচরিতা আপা, পূর্ণিমা, শাহনূর, তুষার খান ভাইসহ আরো অনেকেই আছেন। এটি পুরোপুরি একটি পারিবারিক গল্পের নাটক। আমার কাছে ভীষণ ভালো লাগছে। আমার সহশিল্পী হিসেবে আমার বন্ধু পূর্ণিমা আছে এটাও আসলে অনেক ভালো লাগার বিষয়।’ ১৯৯৭ সালে ছটকু আহমেদের বুকের ভেতর আগুন সিনেমার মধ্য দিয়ে রুপালি জগতে অভিষেক ঘটেছিল জনপ্রিয় অভিনেতা ফেরদৌস আহমেদের। সিনেমাটি অসমাপ্ত থাকা অবস্থায়ই সালমান শাহর অকাল প্রয়াণের পর এ সিনেমায় সালমান শাহের স্থানে অভিনয় করেন ফেরদৌস।

অন্যদিকে পূর্ণিমা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ অবলম্বনে নির্মিত ‘চিরঞ্জীব মুজিব’। এতে বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে অভিনয় করেছেন পূর্ণিমা। পূর্ণিমার রুপালি জগতে পথচলা শুরু করেছিলেন জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ সিনেমার মধ্য দিয়ে। আহারে জীবন নিয়ে পূর্ণিমা বলেন, ‘আমি এ সিনেমায় কাজ শুরু করেছি গত সপ্তাহের রোববার থেকে। ছটকু আহমেদ ভাই প্রবীণ গুণী পরিচালক। তার পুরো ইউনিট ভীষণ আন্তরিকতা নিয়ে কাজ করছে। আমিও আমার চরিত্রটি যথেষ্ট মনোযোগ দিয়েই করার চেষ্টা করছি। এতে সিনেমাটোগ্রাফার হিসেবে আছেন শহীদুল্লাহ দুলাল ভাই। তার সঙ্গে এর আগে অনেক কাজ করার সুযোগ হয়েছে। আবারো তার সিনেমাটোগ্রাফিতে অভিনয় করছি, ভালো লাগছে। সব মিলিয়ে আহারে জীবন দর্শকের ভালো লাগার একটি সিনেমা হোক এটাই প্রত্যাশা।’ আহারে জীবনে সহযোগী পরিচালক হিসেবে আছেন তাজু কামরুল। ফেরদৌস-পূর্ণিমা জানান, টানা বেশ কয়েকদিন তারা দুজন এ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত থাকবেন। এদিকে সম্প্রতি ফেরদৌস অভিনীত ‘বিউটি সার্কাস’ সিনেমাটি মুক্তি পেয়েছে। এ সিনেমায় তার অভিনয়ও বেশ প্রশংসিত।

২০২১-২২ সালে আহারে জীবন ৬০ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছে। ছটকু আহমেদের পরিচালনায় প্রথম সরকারি অনুদানের সিনেমা এটি। ছটকু আহমেদ সর্বশেষ নায়ক মান্নাকে নিয়ে ‘প্রতিবাদী মাস্টার’ সিনেমাটি নির্মাণ করেছিলেন।