এ প্রজন্মের অন্যতম জনপ্রিয় ও সফল অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। বাংলা সিনেমায় তিনি নিজের জায়গা করে নিয়েছেন অভিনয়ের দক্ষতা, পরিশীলিত উপস্থিতি এবং ধারাবাহিক কাজের মাধ্যমে। দীর্ঘ ক্যারিয়ারে নানান রকম চরিত্রে অভিনয় করে দর্শকের মনে আলাদা আসন গড়ে তুলেছেন তিনি। মাঝে তাকে পর্দায় কম দেখা গেলেও বিভিন্ন ব্র্যান্ড–সংক্রান্ত ইভেন্ট ও প্রমোশনে তিনি নিয়মিতই ছিলেন।

বছর দুয়েক আগে জিতের বিপরীতে ‘মানুষ’ সিনেমায় দেখা গিয়েছিল মিমকে। এরপর বলতে গেলে তাকে আর বড় পর্দায় পাওয়া যায়নি। তবে এবার সেই বিরতি ভেঙে আবারও ফিরছেন তিনি। সম্প্রতি একটি ফ্যাশন হাউসের উদ্বোধনী অনুষ্ঠানে মিম জানান, আগামী বছরই নতুন কাজ নিয়ে তিনি ফিরে আসছেন সিনেমা হলে।

মিম আরো বলেন, ২০২৬ সালকে নিজের কামব্যাকের বছর হিসেবে দেখছেন তিনি। সূত্রের খবর, ইতোমধ্যে তিনি একটি নতুন সিনেমা ও একটি ওয়েব সিরিজের শুটিং শেষ করেছেন। তবে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত এসব প্রকল্প নিয়ে বিস্তারিত কথা বলতে চান না তিনি।

এ ছাড়া তার হাতে রয়েছে আরও কয়েকটি সিনেমা ও ওয়েব সিরিজের কাজ, যা ধীরে ধীরে সামনে আসবে। দুই বছরে তার কোনো কাজ মুক্তি না পেলেও প্রস্তাব কম ছিল না—ইচ্ছে করেই তিনি সময় নিয়েছেন, কারণ তার লক্ষ্য ছিল মানসম্মত প্রকল্পে কাজ করা। অবশেষে সেই অপেক্ষার ফল মিলতে শুরু করেছে।

আগামী মাসেই তার নতুন কাজগুলোর ঘোষণা আসবে বলে জানিয়েছেন মিম।