দেশের বিনোদন অঙ্গনের জনপ্রিয় মুখ আজমেরি হক বাঁধন। ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমার পর এ অভিনেত্রীর কাছে বেশির ভাগের প্রশ্ন ছিল কবে আবার প্রেক্ষাগৃহে দেখা যাবে বাঁধনকে। অভিনেত্রীও জানিয়েছিলেন, তিনি গল্প দেখে কাজ করছেন তাই সময় লাগছে। যদিও এর মাঝে দেশের সীমানা ছাড়িয়ে টলিউড ও বলিউডে অভিষেক হয়েছে বাঁধনের। বিশাল ভরদ্বাজের পরিচালনায় ওয়েব ফিল্ম ‘খুফিয়া’তে বলিউড অভিনেত্রী টাবুর সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করে নজর কেড়েছেন বাঁধন। এছাড়া দেশের ওটিটি মাধ্যমেও কাজ করে প্রশংসা পেয়েছেন এ অভিনেত্রী। এবার জানা গেল প্রেক্ষাগৃহে বাঁধনকে কবে দেখা যাবে তার বিস্তারিত। আগামী বছর প্রেক্ষাগৃহে আসছেন বাঁধন। সিনেমার নাম ‘এশা মার্ডার: কর্মফল’। ‘ব্ল্যাক ওয়ার’খ্যাত নির্মাতা সানী সানোয়ারের নতুন সিনেমা এটি।
এ সিনেমায় নারী পুলিশ কর্মকর্তা চরিত্রে দেখা যাবে বাঁধনকে। এমন চরিত্রে অভিনয় প্রসঙ্গে বাঁধন বলেন, ‘নির্মাতা সানী ভাইকে বলেছিলাম কেন সবসময় পুলিশ কর্মকর্তা হিসেবে পুরুষকে দেখেন? কোনো নারী কর্মকর্তা কি খুনের তদন্ত করতে পারেন না? যেহেতু আমি প্রথমবার পুলিশের চরিত্রে অভিনয় করতে যাচ্ছি, নতুন অভিজ্ঞতা হবে বলে আশা করছি। সিনেমাটি খুনের গল্প নিয়ে, তাই এ সিনেমাজুড়েই রহস্য দেখতে পাবে দর্শক।’
সিনেমাটির প্রস্তুতি নিয়ে জানতে চাইলে বাঁধন বলেন, ‘সিনেমার শুটিং কিছুদিন পরই শুরু হবে। এরপর এ নিয়ে বেশি ভালো বলতে পারব। এখন এটা নিয়ে না বলি। তবে আমি অনেক খুশি এমন একটি চরিত্র করতে যাচ্ছি তাই। আমি নির্মাতা ও প্রডাকশন হাউজের কাছে কৃতজ্ঞ যে তারা আমাকে এমন একটা চরিত্র দিয়েছে। তাই এটা নিয়ে এখন কিছু না বলি। সব এখন না বলে দিই।’
বর্তমান সময় অনেক সিনেমা ও ওটিটি কনটেন্ট হচ্ছে থ্রিলার ও মার্ডার মিস্ট্রি ধাঁচের গল্প দিয়ে। আর দর্শকও সেটা গ্রহণ করছেন। তবে সিনেমাপ্রেমীদের মতে এর পরিবর্তন দরকার। এ প্রসঙ্গে জানতে চাইলে বলেন, ‘আমাদের এ সিনেমার গল্পটা মার্ডার মিস্ট্রি। গল্পটা অনেক সুন্দর, এটা বলতেই হবে। যদিও আমি এর আগে অনেক বলেছি যে এ জায়গা থেকে বের হওয়া দরকার, কারণ আমাদের প্রচুর গল্প আছে। আমাদের দর্শকও তৈরি নতুন ধরনের গল্প দেখার জন্য। যে গল্পগুলো হিট হয়ে যায়, আমরা সেগুলো নিয়েই বেশি কাজ করি। সেটা একধরনের পীড়ার বিষয়। এ জায়গার পরিবর্তন আনতে হবে।’
এশা মার্ডার: কর্মফল সিনেমাটির গল্প নিয়ে জানতে চাইলে নির্মাতা বলেন, ‘সিনেমাটি হতে যাচ্ছে সত্য ঘটনা কেন্দ্র করে। আজিমপুরে ঘটে যাওয়া একটি খুনের ঘটনা ঘিরে এ সিনেমার গল্প। ২০০৯ সালে ঘটে যাওয়া এ কেসের তদন্তে আমি নিজে যুক্ত ছিলাম। কর্মজীবনে বহু খুন তদন্ত করেছি। তবে ওই খুনের ঘটনা আমাকে বিশেষভাবে নাড়া দেয়। ওই ঘটনা নিয়ে সিনেমা বানানোর স্বপ্ন দেখেছিলাম ‘ঢাকা অ্যাটাক’ মুক্তির পর পরই। অ্যাকশন থেকে বের হয়ে এবার খুন রহস্যে ঢুকে গেলাম। সেই ২০১৮ সাল থেকে লিখতে লিখতে আর কিছুদিন পরই সিনেমার শুটিং করতে যাচ্ছি। আশা করছি, দর্শক অন্য রকম এক খুনের ঘটনা জানতে পারবেন।’
এশা মার্ডার: কর্মফল সিনেমায় এশা চরিত্রে অভিনয় করবেন পূজা ক্রুজ। এ সিনেমা দিয়ে অভিষেক হতে যাচ্ছে তার। সিনেমাটি নিয়ে পূজা বলেন, ‘ভালো সিনেমা এবং গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য দীর্ঘদিন অপেক্ষা করেছি। সে ইচ্ছা পূরণ হতে যাচ্ছে। এ সিনেমার গল্প ও চরিত্র সম্পর্কে জেনে মনে হয়েছে, আমি কাজটির অপেক্ষায় ছিলাম। আমার বিশ্বাস, এ সিনেমার মাধ্যমে বেস্ট অব দ্য বেস্ট মার্কস পাব।’
এ সিনেমায় আরো অভিনয় করবেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, সুমিত সেনগুপ্ত, শতাব্দী ওয়াদুদ, শরীফ সিরাজ, নিবির আদনান নাহিদ, এজাজ আহমেদ, মাজনুন মিজান, আনিসুল হক বরুণ, সুষমা সরকার, দীপু ঈমাম। কপ ক্রিয়েশন ও বিঞ্জের যৌথ প্রযোজনায় আগামী বছর ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তির বিষয়ে জানিয়েছেন নির্মাতা। বাঁধন ভক্তদের নতুন বছরে ঈদের নতুন সিনেমায় তাকে দেখতে হলে অপেক্ষা করতে হবে।










