নতুন বছরকে ঘিরে সিনেমা মুক্তি নিয়ে ভাবছেন নির্মাতারা। একের পর এক সিনেমা মুক্তির ঘোষণা আসছে। সম্প্রতি নতুন বছরের ঈদের সিনেমার খবর জানালেন রায়হান রাফী। সিনেমার নাম তুফান। সিনেমাটা বড় পরিসরে নির্মাণের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ও ভারতের তিনটি প্রযোজনা সংস্থা। এর মধ্যে আছে চরকি, আলফা আই ও এসভিএফ। ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানকে নিয়ে নির্মাণ হবে রায়হান রাফীর তুফান।

দুই বাংলার চলচ্চিত্রের কোলাবরেশন নিয়ে আলফা আই, চরকি ও ভারতীয় স্বনামধন্য প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ ফিল্মস এবার এক হয়েছে। এরই মধ্যে ঘোষণা করা হলো, এ তিন প্রতিষ্ঠানের যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে বড় পর্দার দুটি সিনেমা। আগামী ঈদুল আজহায় দুই বাংলায় মুক্তি পাবে সিনেমা দুটি। অন্যদিকে ৯ ডিসেম্বর ঘোষণা দেয়া হয় রেদওয়ান রনি পরিচালিত সিনেমা ‘দম’-এর। যে সিনেমার মূল চরিত্রে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে।

তুফান সিনেমাটি নিয়ে নির্মাতা রায়হান রাফী উচ্ছ্বসিত। এ নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি খুবই এক্সাইটেড। কারণ আলফা, এসভিএফ ও চরকি—তিনটা বড় প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করছে। দুটো সিনেমা বানাতে যাচ্ছে। অন্যদিকে শাকিব খানের সঙ্গে এটা আমার প্রথম সিনেমা। সবচেয়ে বড় তিনটি প্রযোজনা প্রতিষ্ঠান আর একজন সুপারস্টার যখন এক হয়, তখন আসলে এ সিনেমা নিয়ে আশা করাই যায়। কেবল তো আমরা কাজ শুরু করলাম। সবার দোয়া চাই। তবে এটা নির্দ্বিধায় বলতে পারি তুফান বাংলা সিনেমার জন্য একটা মাইলফলক হতে যাচ্ছে।’

আসন্ন সিনেমাটি নিয়ে শাকিব খান বলেন, ‘আমি সবসময় বলেছি, বাংলাদেশী সিনেমার সম্ভাবনা অপার। শুধু দেশে নয়, দেশের বাইরেও বড় একটা বাজার আছে। সারা বিশ্বে ৩০ কোটি বাংলা ভাষাভাষী রয়েছে, তাদের শুধু ভালো মানের সিনেমা উপহার দিতে হবে। তিনটা বড় প্রযোজনা প্রতিষ্ঠান যখন এক হয় তখন সম্ভাবনাটা আরো বড় হয়। বাকিটা সিনেমাপ্রেমীরাই ঠিক করে নেবে।’

কলকাতার অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ। প্রতিষ্ঠানটির ডিরেক্টর ও কো-ফাউন্ডার মহেন্দ্র সোনি। ২৮ বছর ধরে মহেন্দ্র সোনির হাত ধরে মুক্তি পেয়েছে ‘‌রেইনকোট’, ‘‌চোখের বালি’, ‘‌অটোগ্রাফ’, ‘‌২২শে শ্রাবণ’-এর মতো অসংখ্য সিনেমা। এবার এসভিএফ একসঙ্গে কাজ করতে যাচ্ছে চরকি ও আফা আইয়ের সঙ্গে। এসভিএফের ডিরেক্টর ও কো-ফাউন্ডার মহেন্দ্র সোনি দুই বাংলার দুই সিনেমা নির্মাণ উপলক্ষে এসেছিলেন ঢাকায়। তুফান সিনেমার ঘোষণা দিতে গিয়ে মহেন্দ্র সোনি বলেন, ‘আমরা বাংলা সিনেমায় একটি নতুন অধ্যায়ের দ্বারপ্রান্তে। কারণ এসভিএফ, আলফা-আই, চরকি ও মেগাস্টার শাকিব খানকে সঙ্গে নিয়ে এমন একটি প্রযোজনা সামনে আনতে যাচ্ছি, যা গল্প বলার স্কেলকে আবার সংজ্ঞায়িত করবে। এ কোলাবরেশন বাংলা চলচ্চিত্রকে অভূতপূর্ব বৈশ্বিক উচ্চতায় পৌঁছে দিতে প্রস্তুত, যা আমাদের সবার জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত হয়ে থাকবে।’

রায়হান রাফীর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সুড়ঙ্গ’। সিনেমাটি চলতি বছরে দাপটের সঙ্গে প্রেক্ষাগৃহে চলেছে। দেশের বাইরেও প্রশংসিত হয়েছে এটি। অন্যদিকে গত বছর ঈদে ‘‌পরাণ’ ও ‘‌দামাল’ সিনেমা দুটি নির্মাণ করেও দর্শকের মন জয় করেছেন রায়হান রাফী। অন্যদিকে শাকিব খান চলতি বছরে ‘প্রিয়তমা’ সিনেমাটি দিয়ে ঢাকাই সিনেমার দর্শকের প্রশংসা কুড়িয়েছেন। তুফানের মাধ্যমে রায়হান রাফী ও শাকিব খান এবার কী চমক আনছেন সেটা দেখার পালা। সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে কাকে দেখা যাবে সে প্রসঙ্গ এড়িয়ে গেছেন রায়হান রাফী। দুই বাংলার তিন প্রযোজনা প্রতিষ্ঠান মিলে নির্মাণ করতে যাচ্ছে তুফান আর এতে দুই বাংলার অভিনেতা-অভিনেত্রীদের দেখাও মিলবে। তবে কারা থাকবেন এ সিনেমায়, সে বিষয়ে এখনই মুখ খুলছেন না নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠান। তাই তুফানের কাস্টিং নিয়ে নতুন ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতে হবে।