দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড নগরবাউল ও সোলস। এবার একই মঞ্চে সংগীত পরিবেশন করতে যাচ্ছে এ দুই ব্যান্ড। ২৮ অক্টোবর ঢাকার অদূরে ফ্যান্টাসি কিংডম বিনোদন কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে এসএসসি-৯৭ ব্যাচের রজতজয়ন্তী অনুষ্ঠান। দিনব্যাপী আয়োজিত জাঁকজমকপূর্ণ সে অনুষ্ঠানেই মঞ্চ মাতাবে জেমসের ‘নগরবাউল’
ও পার্থ বড়ুয়ার ‘সোলস’। সঙ্গে থাকবে অন্যান্য সংগীতশিল্পীর পরিবেশনা।
রজতজয়ন্তী উৎসবের আহ্বায়ক আবুল হাসনাত রুবেল বলেন, ‘সমবয়সী বন্ধুদের নিয়ে ফেসবুকভিত্তিক “এসএসসি-৯৭, এইচএসসি-৯৯” সংগঠনটি পাঁচ বছর অতিক্রম করেছে। বিভিন্ন ধরনের ক্রীড়া, সাংস্কৃতিক ও সামাজিক অনুষ্ঠান উদযাপন ও আয়োজনের ধারাবাহিকতায় এবার সারা দেশের এসএসসি-৯৭ ব্যাচের বন্ধুদের নিয়ে এ আয়োজন। আশা করি, কয়েক হাজার বন্ধু এ উৎসবে অংশ নেবে। পরিবারের সদস্যরাসহ একই দিনে অনুষ্ঠিত এ মিলনমেলায় আমরা ২৫ বছর আগের স্মৃতিচারণ করব, আড্ডাগানে মাতব... এটা নিঃসন্দেহে আমাদের জন্য আনন্দের। এ আয়োজনকে সফল ও তাত্পর্যপূর্ণভাবে সম্পন্ন করার জন্য সবার অংশগ্রহণ ও সহযোগিতা প্রত্যাশা করছি।’










