ট্রেলারে ঝড় তোলা ‘ব্যাবিলন’ মুক্তির তারিখ পরিবর্তন করেছে। এর আগে ‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’ সিনেমায় অভিনয় করলেও এবারই প্রথম পরস্পরের বিপরীতে দেখা যাবে ব্র্যাড পিট ও হালের সেনসেশন মার্গট রবিকে।
ড্যামিয়েন শ্যালেজ পরিচালিত ‘ব্যাবিলন’ যুক্তরাষ্ট্রে বড়দিন উপলক্ষে আলো ছড়াবে।
শুরুতে পারামাউন্ট পিকচার্সের পরিকল্পনা ছিল, ২৫ ডিসেম্বর সীমিত প্রেক্ষাগৃহে মুক্তির পর ৬ জানুয়ারি বিস্তৃত পরিসরে দেখানো হবে সিনেমাটি। কিন্তু ভ্যারাইটি ডটকমকে একটি সূত্র জানিয়েছে, ৭ কোটি ৮০ লাখ ডলার বাজেটের এপিক সিনেমাটি মুক্তি পাবে ২৩ ডিসেম্বর।
‘ব্যাবিলন’ এগিয়ে আসার পেছনে সনি পিকচার্সের একটি ঘোষণা প্রভাব ফেলেছে বলে ধারণা করা হচ্ছে। টম হ্যাংকস অভিনীত ‘আ ম্যান কলড অটো’ মুক্তির কথা ছিল ১৪ ডিসেম্বর। কিন্তু নতুন পরিকল্পনা অনুসারে ছবিটি ২৫ ডিসেম্বর নির্বাচিত থিয়েটারে মুক্তি পাবে, এরপর ১৩ জানুয়ারি বিস্তৃত পরিসরে দর্শকের সামনে আসবে।
কিন্তু ডিসেম্বরে মুক্তি পেয়েও প্রতিদ্বন্দ্বিতা এড়াতে পারছে না ‘ব্যাবিলন’। একই মাসে একাধিক আলোচিত ছবি মুক্তি পাবে। এর মধ্যে রয়েছে ‘পুস দ্য বুটস: দ্য লাস্ট উইশ’, গায়িকা হুইটনি হিউস্টনের বায়োপিক ‘আ ওয়ানা ড্যান্স উইথ সামবডি’ ও জেমস ক্যামেরনের অতি প্রতীক্ষিত সিক্যুয়েল ‘অ্যাভাটার টু’।
হলিউড যখন নির্বাক থেকে সবাক যুগে পদার্পণ করছে সেই ১৯২০ এর দশকের প্রেক্ষাপটে নির্মিত হয়েছে কমেডিধর্মী ‘ব্যাবিলন’। ওই সময়ের বিনোদন ইন্ডাস্ট্রির আখ্যান উঠে এসেছে কাহিনীতে।
লা ডলসি ভিটা, ন্যাশভিল, দ্য গডফাদারসহ পুরোনো দিনের এপিক সিনেমা ও চরিত্র দ্বারা ‘ব্যাবিলন’ প্রভাবিত বলে জানিয়েছেন পরিচালক শ্যাজেল। ট্রেলারেও সেই চিত্র ফুটে উঠেছে।
এ সিনেমায় আরো আছেন ডিয়েগো কালবা, টবি মারগুয়ের, ম্যাক্স মিঙ্গেলা, স্পাইক জোনস, জিন স্মার্টসহ অনেকে।
এর আগে কোয়েন্টিন টারান্টিনোর ‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’ সিনেমায় অভিনয় করলেও একসঙ্গে পর্দায় দেখাই যায়নি ব্র্যাড পিট ও মার্গট রবিকে। মজার বিষয় হলো, ওই সিনেমাটিও হলিউডের প্রেক্ষাপটে নির্মিত। ১৯৭০ এর দশকে ইন্ডাস্ট্রিতে চলমান রূপান্তর উঠে এসেছিল কাহিনিতে।










