জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী অবলম্বনে নির্মিত হয়েছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মুজিব: একটি জাতির রূপকার’। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন ভারতের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল। অপেক্ষার পালা শেষে আজ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি। ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার প্রিমিয়ার প্রদর্শনীর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গতকাল সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ ফিল্ম আর্কাইভে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘এটি একটি জীবনভিত্তিক সিনেমা। এর মাধ্যমে ইতিহাসের অনেক অজানা তথ্য আমরা জানতে পারব। আগামীকাল পুরো বাংলাদেশে ‘মুজিব: একটি জাতির রূপকার’ মুক্তি পাবে। দেশবাসীর কাছে আমার আহ্বান থাকবে, ইতিহাসের অনেক অজানা তথ্য আপনারা জানতে পারবেন। বঙ্গবন্ধু সম্পর্কে জানতে পারবেন। আমার মা, আমার দাদা-দাদি সম্পর্কে আপনারা জানতে পারবেন। আমি আশা করি সবাই ছবিটি দেখবেন। ইতিহাসের নতুন অধ্যায় আপনারা দেখতে পারবেন।’
সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। কিশোর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চরিত্রে দিব্য জ্যোতি। ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে রয়েছেন নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, আর তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদ। অন্যান্য চরিত্র করেছেন দিলারা জামান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ ও মিশা সওদাগরসহ দেশের শতাধিক অভিনয় শিল্পী। ১৫৩টি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পাচ্ছে ‘মুজিব: একটি জাতির রূপকার’। সিনেমাটির মুক্তি সামনে রেখে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এ সময় সিনেমার কলাকুশলীরা উপস্থিত ছিলেন। এ সময় আরিফিন শুভ বলেন, ‘আমরা চেষ্টা করেছি সবাই চরিত্রটি ফুটিয়ে তুলতে। এমন একটি চরিত্রে অভিনয় করেছি, যেটা বাঙালির কাছে ভীষণ আবেগের একটি চরিত্র। সিনেমাটি বাংলাদেশে মুক্তি পাচ্ছে। এরপর ভারতে মুক্তি পাবে এবং পরে সমগ্র বিশ্বে মুক্তি পাবে। সবাইকে হলে গিয়ে সিনেমাটি দেখার আহ্বান জানাচ্ছি।’
বঙ্গবন্ধুর পিতা শেখ লুৎফর রহমান চরিত্রে অভিনয় করা চঞ্চল চৌধুরী বললেন, ‘সিনেমাটিতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন শুভ। এ সিনেমায় তার যে চেষ্টা, সেটা সত্যিই প্রশংসনীয়। যখন কোনো বায়োপিকে বিখ্যাত কোনো মানুষের চরিত্রে অভিনয় করতে হয় তখন সেটা একজন অভিনেতার জন্য অনেক বড় চাপ। আশা করি দর্শকের সিনেমাটা ভালো লাগবে।’
বঙ্গবন্ধুর অফিশিয়াল বায়োপিকে কিশোর মুজিবের চরিত্রে অভিনয় করা প্রসঙ্গে জানতে চাইলে দিব্য জ্যোতি বলেন, ‘এখনো আমি এটা বিশ্বাস করতে পারি না যে আমি শ্যাম বেনেগালের নির্দেশনায় বঙ্গবন্ধুর মতো একটি চরিত্রে অভিনয় করেছি। আমি বঙ্গবন্ধুর কিশোরবেলার চরিত্র করেছি, এটা আমার জন্য চ্যালেঞ্জ ছিল। কারণ বঙ্গবন্ধুর ওই বয়সের খুব বেশি ভিজুয়াল প্রেজেন্টেশন নেই। এ পরিস্থিতিতে বঙ্গবন্ধুর রচিত বইগুলো আমাকে সাহায্য করেছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মুজিব: একটি জাতির রূপকার সিনেমার সব সদস্যের দেখা হয়েছিল। সেখানে তিনি তার বাবা সম্পর্কিত বিভিন্ন গল্প বলেছিলেন, যেগুলো তিনি শুনেছিলেন দাদা-দাদি ও প্রতিবেশীদের কাছ থেকে। এটা আমাকে অনেক বেশি সাহায্য করেছিল কিশোর মুজিব হয়ে উঠতে। এটা অন্য রকম অভিজ্ঞতা আমার জীবনের।’
সম্প্রতি সিনেমাটির ট্রেলার প্রকাশ পায়। প্রায় ২ মিনিটের ট্রেলারজুড়ে জাতির পিতার জীবনের বিভিন্ন অংশ উঠে আসে। সব মিলিয়ে ট্রেলারে নজর কেড়েছেন ঢাকাই সিনেমার নায়ক আরিফিন শুভ। একেবারে ভিন্ন মেজাজে দেখা গেছে তাকে।
২০২১ সালের জানুয়ারির শেষ দিকে মুম্বাইয়ের দাদা সাহেব ফালকে স্টুডিওতে মুজিব: একটি জাতির রূপকার সিনেমার প্রথম ধাপের শুটিং শুরু হয়েছিল। এতে সহযোগী পরিচালক হিসেবে কাজ করছেন দয়াল নিহালানি। চিত্রনাট্য লিখেছেন অতুল তিওয়ারি ও শামা জায়েদি। শিল্প নির্দেশনার দায়িত্বে রয়েছেন নীতিশ রায়। কস্টিউম ডিরেক্টর হিসেবে আছেন শ্যাম বেনেগালের মেয়ে পিয়া বেনেগাল। এতে গান লিখেছেন জাহিদ আকবর, সংগীত পরিচালনা করেছেন শান্তনু মৈত্র। চলতি বছরের ৩১ জুলাই সিনেমাটি বাংলাদেশে আনকাট সেন্সর ছাড়পত্র পায়। এছাড়া গত মাসের মাঝামাঝি কানাডার টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিনেমাটি ওয়ার্ল্ড প্রিমিয়ার করা হয়েছিল।










