অনেক জল্পনা-কল্পনার পর জানা গেল এক্স-ম্যান তারকা প্যাট্রিক স্টুয়ার্ট মার্ভেলের সিকুয়াল ছবি ‘ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অব ম্যাডনেস’-এ রয়েছেন। তাকে দেখা যাবে প্রফেসর এক্স হিসেবে। খবরটি দিলেন হলিউড তারকা নিজেই। গত মাসে গুঞ্জন চলছিল সিনেমায় দেখা যাবে এ কিংবদন্তি অভিনেতাকে। মূলত ডক্টর স্ট্রেঞ্জের সিকুয়ালের ট্রেলারে প্যাট্রিক স্টুয়ার্টের কণ্ঠস্বর থেকেই গুঞ্জন জোরদার হয়।

যুক্তরাষ্ট্রের একটি জনপ্রিয় ইউটিউব চ্যানেলে আসেন এ তারকা। সেখানেই প্যাট্রিক স্টুয়ার্ট স্বীকার করেন ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অব ম্যাডনেসে তাকে দেখা যাবে। এ বিষয়ে এ তারকা বলেন,  ‘মার্ভেলভক্তরা যে ট্রেলার থেকেই সিনেমায় তার উপস্থিতি নিয়ে বলছে, এটা বেশ ভালো লাগছে। তবে মজার কথা হচ্ছে, যখন আমাকে নিয়ে এত গুঞ্জন চলছিল সে সময়ে আমার ফোন বন্ধ ছিল। পরদিন সকালে ঘুম থেকে ওঠার পর ফোন হাতে নিতেই আমি অবাক। অনেকেই তাদের প্রতিক্রিয়া জানাচ্ছেন। সিনেমাটির ট্রেলার দেখেও আমি আমার নিজের কণ্ঠস্বর বুঝতে পারিনি। হয়তো সে সময়ে আমার ঠান্ডা লেগেছিল। তাই আমার কণ্ঠ অন্য রকম লাগছিল নিজের কাছেই। ট্রেলারেও কিন্তু আমাকে দেখা যায়নি।  কিন্তু এত মানুষ যে সেটা বুঝতে পেরেছে, এটা ভাবতেই বেশ ভালো লাগছে।’ ৮১ বছর বয়সী এ প্রবীণ তারকার আগমনে খুশি তার ভক্তরা। দীর্ঘ সময় ধরে এক্স-ম্যান সিনেমার সিকুয়ালে রয়েছেন।

স্যাম রাইমি ডক্টর স্ট্রেঞ্জের মাল্টিভার্স অব ম্যাডনেস সিনেমাটি পরিচালনা করেছেন। চলতি বছরের ৬ মে প্রেক্ষাগৃহে আসতে চলেছে সিনেমাটি।

 

সূত্র: হলিউড হাঙ্গামা