মঙ্গলবার বলিউড অভিনেতা সঞ্জয় দত্তের ফুসফুসে ক্যান্সার ধরা পড়েছে। এ মরণব্যাধি স্টেজ থ্রিতে আছেন সঞ্জয়। স্বভাবতই সহকর্মী ও ভক্তরা মর্মাহত এ খবরে।

ঠিক আগের দিনই হাসপাতাল থেকে বাড়ি ফিরে ভক্তদের স্বস্তি দিয়েছিলেন সঞ্জয় দত্ত। জানিয়েছিলেন, শ্বাসকষ্টের কারনে ভর্তি হতে হয়েছিল। করোনা টেস্টও হয়েছে। রিপোর্ট নেগেটিভ আসে। তাই আপাতত সুস্থ তিনি। কিন্তু দিন না পেরোতেই এল ভয়ানক খবরটি। তিনি নিজেই জানান, চিকিৎসার জন্য আপাতত অভিনয় থেকে বিরতি নিচ্ছেন। তখনো অবশ্য জানা যায়নি কী হয়েছে তার। তারপর খবরটি প্রকাশিত হয়, ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত সঞ্জয় দত্ত।

সঞ্জয় দত্তের সঙ্গে খুবসুরাত ও দওদ ছবিতে কাজ করেছেন উর্মিলা মাতোন্ডকর। পর্দার অ্যাকশন হিরো যে বাস্তব জীবনের লড়াকু মানুষ, সেটা উর্মিলা ভালোই জানেন। তাই দুঃসংবাদটি পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, ‘সঞ্জয় দত্ত ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত, কী ভয়ানক, বেদনাদায়ক খবর!...কিন্তু তার পরও বলতে হয় সারাজীবন সে লড়াকু মানুষের মতো করেই কাটিয়েছে। তার দ্রুত আরোগ্য কামনা করি। গেট ওয়েল সুন।’

অন্যদিকে সাবেক ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিংও একসময় লড়েছেন ফুসফুসের ক্যান্সারের বিরুদ্ধে। যুবরাজও মনে করেন, সঞ্জয় দত্ত একজন যোদ্ধা। তিনি অবশ্যই ঘুরে দাঁড়াবেন। আর সেই আশা ব্যক্ত করে সোস্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেছেন তিনি।

যুবরাজ সিং লেখেন, ‘আপনি একজন যোদ্ধা ছিলেন, আছেন ও থাকবেন। আমি জানি এটা ঠিক কতটা যন্ত্রণাদায়ক। কিন্তু এও জানি যে আপনার মন যথেষ্ট শক্ত। কঠিন সময় একদিন চলে যাবে। আমার প্রার্থনা আর শুভেচ্ছা রইল।’

২০১১ সালে ফুসফুসে ক্যান্সার ধরা পড়ে যুবরাজ সিংয়ের। চিকিৎসা করাতে চলে যান বোস্টনে। দীর্ঘ চিকিৎসার পর ক্যান্সারকে জয় করে বাড়ি ফেরেন। শুধু তাই নয় ফেরেন ভারতীয় জাতীয় দলেও।

আর ভক্তরাও সামাজিক যোগাযোগ মাধ্যমে সঞ্জয় দত্তের সুস্থতা প্রার্থনা করে পোস্ট করছেন। তাদের কথা দুটো—‘গেট ওয়েল সুন মুন্নাভাই’ আর ‘গেট ওয়েল সুন সঞ্জুবাবা’


সূত্র: ডিএনএ