সংগীত নিয়ে বিশেষ আয়োজন ছিল আলিয়ঁস ফ্রঁসেজের। ১০ জুন শুরু হয়ে ‘ফেত দ্য লা মিউজিক’ শেষ হয় ১৩ জুন। চার দিনব্যাপী এই আয়োজনে ছিল সংগীতানুষ্ঠান, কর্মশালা এবং আন্তঃসাংস্কৃতিক সহযোগিতার নানা আয়োজন। দেশের ও আন্তর্জাতিক বিভিন্ন সাংস্কৃতিক ও শিল্প-প্রতিষ্ঠানের সহযোগিতায় আয়োজিত এই উৎসবে বাংলাদেশ, ব্রাজিল, ফিনল্যান্ড এবং ফ্রান্সের শিল্পীরা অংশগ্রহণ করেন। বৈচিত্র্যময় ছন্দ, সুর এবং সাংস্কৃতিক সংলাপের এক অনন্য অভিজ্ঞতা উপহার দেয় এই আয়োজন।
উৎসবের সূচনা হয় ১০ জুন বাটারনোট–এ জ্যাজ ক্যাফেতে ফরাসি সংগীতশিল্পী ও পারকাশনবাদক সুভাষ ধুনুচন্দ পরিচালিত একটি ইলেকট্রনিক মিউজিক কর্মশালার মাধ্যমে। ১১ জুন অনুষ্ঠিত হয় ‘বসা ও সোলেই কুশঁ’, যেখানে পরিবেশন করেন মিরভা তুলিয়া (ফিনল্যান্ড), আকিলা লিমা (ব্রাজিল), ইমরান আহমেদ, তৌফিক আরিফিন এবং তানভীর হক (বাংলাদেশ)।
একই সন্ধ্যায় গ্যেটে-ইনস্টিটিউট বাংলাদেশে অনুষ্ঠিত হয় তবলাট্রনিক। সেখানে সুভাষ ধুনুচন্দ তবলা, পারকাশন এবং ইলেকট্রনিক সাউন্ড ডিজাইনের এক অভিনব সংমিশ্রণ উপস্থাপন করেন।
১২ জুন ‘আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার শিক্ষার্থী ও শিক্ষকদের সংগীত উদ্যাপন’ অনুষ্ঠিত হয়। এতে পিয়ানো ও গিটার কর্মশালার শিক্ষার্থীদের পাশাপাশি প্রতিষ্ঠানের শিক্ষকরাও পরিবেশনা করেন।
বিকালের অন্যতম আকর্ষণ ছিল দ্য সোসাইটি ব্যান্ডের পরিবেশনা। বিভিন্ন সংগীতধারা ও ভাষাগত পটভূমির শিল্পীদের নিয়ে গঠিত এই নতুন দলটি জ্যাজ-প্রভাবিত সুর ও বহুভাষিক গানের সমন্বয়ে দর্শকদের জন্য এক নতুন সংগীত অভিজ্ঞতা তৈরি করে। দিনের সমাপ্তি ঘটে বাংলাদেশি সংগীতশিল্পী তপেশ চক্রবর্তীর পরিবেশনার মাধ্যমে।
উৎসবের শেষ দিন (১৩ জুন) বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস (বাফা)–এর শিক্ষার্থী, সাবকন্টিনেন্টাল ক্লাসিক্যাল মিউজিক ওয়ার্কশপের অংশগ্রহণকারী এবং বিভিন্ন ধারার উদীয়মান ও প্রতিষ্ঠিত শিল্পীরা পরিবেশনা করেন।
সন্ধ্যার অন্যতম প্রধান আকর্ষণ ছিল ‘বাংলা ব্রাজিল: দ্য সাউন্ড অব দ্য ইউনিভার্স’, যেখানে ব্রাজিলের শিল্পী আকিলা লিমা এবং বাংলাদেশের সংগীতশিল্পী মিথুন চক্র এক প্রাণবন্ত পারকাশন পরিবেশনা উপস্থাপন করেন।
উৎসবের সমাপ্তি ঘটে ব্যান্ড সর্বনামের মনোমুগ্ধকর এক পরিবেশনার মাধ্যমে। তাদের প্রাণবন্ত মঞ্চ উপস্থিতি এবং স্বতন্ত্র সংগীতধারা পুরো আয়োজনকে একটি স্মরণীয় পরিণতি দেয়।
উল্লেখ্য, ১৯৮২ সালে ফ্রান্সে শুরু হওয়া ফেত দ্য লা মিউজিক বর্তমানে বিশ্বের ১২০টিরও বেশি দেশে উদযাপিত হয়।










