বাংলা চলচ্চিত্রের সূর্যকন্যাখ্যাত অভিনেত্রী জয়শ্রী কবির মারা গেছেন। তার মৃত্যুর খবর নিশ্চিত করে ভাগিনা জাভেদ মাহমুদ জানান, গত ১২ জানুয়ারি লন্ডনে মৃত্যুবরণ করেন এ অভিনেত্রী।
পারিবারিক সূত্রে জানা গেছে, জয়শ্রী কবির দীর্ঘদিন ধরে লন্ডনে অসুস্থ ছিলেন। সেখানেই তার চিকিৎসা চলছিল।
জয়শ্রী কবির অভিনীত কালজয়ী সিনেমা সূর্যকন্যা। ১৯৭৫ সালে মুক্তি পাওয়া এ সিনেমার ৫০ বছর পূর্তি হয়েছে গত বছর। সিনেমাটি পরিচালনা করেছিলেন আলমগীর কবীর।
১৯৭৬ সালে ‘অসাধারণ’ সিনেমায় উত্তম কুমারের বিপরীতে অভিনয় করেছিলেন জয়শ্রী। এ সিনেমা তাকে দর্শকদের কাছে বিশেষভাবে পরিচিত করে তোলে। তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে সূর্যকন্যা, সীমানা পেরিয়ে, রূপালী সৈকতে, নালিশ এবং শহর থেকে দূরে।










