মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে বড় সূচনা করেছে অজয় দেবগনের ‘দৃশ্যম থ্রি’। সমগ্র ভারতজুড়ে প্রায় পৌনে ১৬ হাজার শো থেকে সিনেমাটি প্রথম দিনেই আয় করেছে ৬৬ কোটি ৭৫ লাখ রুপি (নিট)। আন্তর্জাতিক বাজারের আয় মিলিয়ে বিশ্বব্যাপী প্রথম দিনে সিনেমাটির সংগ্রহ দাঁড়িয়েছে ৯৫ কোটি ১০ লাখ রুপি।
এ আয়ের মধ্য দিয়ে অজয় দেবগন তার ক্যারিয়ারের সবচেয়ে বড় ওপেনিংয়ের রেকর্ড গড়েছেন। একই সঙ্গে ভেঙেছেন বলিউডের অন্যতম বড় মাইলফলক। ২০২৩ সালে শাহরুখ খানের ‘জওয়ান’ হিন্দি সংস্করণে প্রথম দিনে আয় করেছিল ৬৫ কোটি ৫০ লাখ রুপি। সে অংককে ১ কোটি ২৫ লাখ রুপি পেছনে ফেলে ‘দৃশ্যম থ্রি’ প্রথম দিনের আয়ে জওয়ানকে টপকে গেছে।
এছাড়া ২০২৬ সালে এখন পর্যন্ত বলিউডের প্রথম দিনের বিশ্বব্যাপী আয়ের হিসাবেও ‘ধুরন্ধর ২’-এর পর দ্বিতীয় অবস্থানে রয়েছে দৃশ্যম থ্রি। বক্স অফিস বিশ্লেষকদের মতে, প্রথম তিনদিনেই সিনেমাটি বিশ্বব্যাপী প্রায় ১৯০ কোটি রুপির কোটা ছুঁয়ে ফেলতে পারে।
দিন বাড়ার সঙ্গে সঙ্গে প্রেক্ষাগৃহে দর্শকের উপস্থিতিও বেড়েছে। গত শুক্রবার সকালের শোয় যেখানে প্রায় ৪৬ শতাংশ আসন পূর্ণ ছিল, রাতের শোগুলোয় তা গিয়ে দাঁড়ায় প্রায় ৭৭ শতাংশে। দর্শকের এ ধারাবাহিক উপস্থিতিই প্রথম দিনে সিনেমাটির বড় সংগ্রহে ভূমিকা রেখেছে।
ফ্র্যাঞ্চাইজির আগের দুই কিস্তির তুলনায় এবারের শুরুটা বেশ বড়। ২০১৫ সালে মুক্তি পাওয়া প্রথম ‘দৃশ্যম’ প্রথম দিনে আয় করেছিল প্রায় পৌনে ৬ কোটি রুপি। ২০২২ সালে ‘দৃশ্যম টু’ প্রথম দিনে সংগ্রহ করে ১৫ কোটি ৩৮ লাখ রুপি। সেখান থেকে এবার প্রথম দিনেই ৬৬ কোটি ৭৫ লাখ রুপি আয় করেছে দৃশ্যম থ্রি।
বক্স অফিসের হিসাবের পাশাপাশি সিনেমাটির শেষ পরিণতি নিয়েও সামাজিক মাধ্যমে আলোচনা চলছে। বিশেষ করে মূল মালয়ালম সংস্করণের ভক্তদের মধ্যেও হিন্দি রিমেকটি নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। সিনেমাটির পরিবর্তিত ক্লাইম্যাক্স দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুরাগী ও সমালোচকদের প্রতিক্রিয়ায় বিষয়টি উঠে এসেছে।
বলিউডের ভেতরের মানুষের মধ্যেও সিনেমাটি নিয়ে আলোচনা চলছে। নির্মাতা করণ জোহর সামাজিক মাধ্যমে অজয় দেবগন, জয়দীপ আহলাওয়াত ও পরিচালক অভিষেক পাঠকের কাজের প্রশংসা করেছেন। তিনি সিনেমাটিকে ‘দুর্দান্ত ও উপভোগ্য’ থ্রিলার হিসেবে উল্লেখ করেছেন।
সূত্র: বলিউড হাঙ্গামা










