নির্মাতা রাশিদ পলাশের নতুন চলচ্চিত্র ‘রঙবাজার’-এর প্রথম ঝলক প্রকাশ পেয়েছে। সম্প্রতি নিজের ফেসবুক পেজে সিনেমাটির একটি পোস্টার শেয়ার করেন নির্মাতা। সেইসঙ্গে এর মধ্য দিয়ে সিনেমাটি মুক্তির প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানান তিনি।

রাশিদ পলাশ বলেন, ফার্স্ট লুক প্রকাশের মধ্য দিয়েই ‘রঙবাজার’-এর যাত্রা শুরু হলো। কয়েক দিনের মধ্যেই সিনেমাটির টিজার প্রকাশ করা হবে। ধাপে ধাপে দর্শকদের সামনে এর নানা তথ্য তুলে ধরার পরিকল্পনাও রয়েছে।

‘রঙবাজার’ সিনেমার গল্প আবর্তিত হয়েছে একটি যৌনপল্লি উচ্ছেদের ঘটনাকে কেন্দ্র করে। বাস্তবতার কাছাকাছি থেকে গল্পটি তুলে ধরতে সিনেমার বেশিরভাগ অংশের দৃশ্য ধারণ করা হয়েছে দৌলতদিয়া যৌনপল্লিতে।

সিনেমাটিতে নায়িকার চরিত্রে অভিনয় করেছেন পিয়া জান্নাতুল। যৌনকর্মীর চরিত্রে দেখা যাবে শম্পা রেজা, নাজনীন চুমকি ও তানজিকা আমিনকে। মাদক কারবারির চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী হামিদ। এছাড়া রাজনৈতিক নেতার চরিত্রে অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ ও বড়দা মিঠু।

তামজিদ অতুলের গল্প ও ভাবনায় সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন গোলাম রাব্বানী। চলচ্চিত্রটি প্রযোজনা করেছে লাইভ টেকনোলজিস। সব মিলিয়ে সামাজিক বাস্তবতার এক ভিন্নধর্মী গল্প নিয়ে দর্শকদের সামনে আসতে যাচ্ছে ‘রঙবাজার’।