অভিনেতা-অভিনেত্রীদের অনেকেই ক্যারিয়ারের একটা সময় এসে পরিচালনায় নাম লেখান। বাংলাদেশেও এমন ঘটনা নতুন কিছু নয়। এবার সে পথে হাঁটলেন ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় নায়িকা অরুণা বিশ্বাস। অভিনয় দিয়ে নিজেকে প্রমাণ করেছেন অনেকবার। ছোট পর্দার পরিচালনায় নাম লেখান অনেক আগেই। এবার চলচ্চিত্র নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। অভিনয়ে আগের মতো নিয়মিত নন তিনি। তবে সম্প্রতি তিনি তার প্রথম সিনেমা পরিচালনা করেছেন। এর নাম ‘অসম্ভব’। আগামী ৩ নভেম্বর মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। যাত্রা শিল্প ও যাত্রাশিল্পীদের গল্প নিয়ে নির্মিত অসম্ভব সিনেমার শুটিং হয়েছে মানিকগঞ্জে। সিনেমার গল্প অরুণার ভাই মিঠু বিশ্বাসের, চিত্রনাট্য তারই করা। সংলাপ রচনা করেছেন মুজতবা সউদ।
অসম্ভব সিনেমাটির মুক্তি উপলক্ষে প্রচারণার অংশ হিসেবে গত শুক্রবার আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের। যেখানে উপস্থিত ছিলেন অসম্ভবের কলাকুশলীরা। প্রথম পরিচালিত সিনেমা প্রসঙ্গে কথা বলতে অরুণা বিশ্বাস বলেন, ‘এটি প্রেম-সংঘাত, মান-অভিমান, নিজস্ব সংস্কৃতি ও দেশপ্রেমের ঠাসবুনোট গল্পে মোড়ানো পাশের বাড়ির পরিচিত একটি গল্প। এতে আমাদের ঐতিহ্যবাহী যাত্রা শিল্প আছে, কমার্শিয়াল গল্পের ধাঁচ আছে।’
আসন্ন সিনেমাটির অভিজ্ঞতা নিয়ে অরুণা বলেন, ‘শুধু একটি কথাই বলতে চাই, আমার পরিচালিত অসম্ভব মুক্তির পর এ নিয়ে গবেষণা হবে। আমি আমার সবটুকু মেধা ও শ্রম দিয়ে সিনেমাটি নির্মাণ করেছি। একজন শিল্পী হিসেবে অতৃপ্তির জায়গাটা কোথায়, সেটা আমি অনুধাবন করতে পারি। যে কারণে সে অতৃপ্তি যেন না থাকে, সেভাবেই সিনেমাটি অনেক খেটে, অনেক শ্রম দিয়ে নির্মাণ করেছি। হায়াত কাকু, মা, সাবা, স্বাগতা, নূরসহ আরো যারা ছিলেন প্রত্যেকেই এক কথায় দারুণ অভিনয় করেছেন। এ কারণেই আমি আরো বেশি আশাবাদী হয়ে উঠেছি।’
এ সিনেমায় অভিনয় করেছেন একঝাঁক তারকা। সিনেমাটির বিভিন্ন চরিত্রে দেখা যাবে আবুল হায়াত, অরুণা বিশ্বাস, শতাব্দী ওয়াদুদ, সোহানা সাবা, গাজী আব্দুন নূর, শাহেদ শরীফ খান, স্বাগতা, শহীদ কাদরী, নাফিস আহমেদ ও একটি বিশেষ চরিত্রে যাত্রা সম্রাজ্ঞী জ্যোৎস্না বিশ্বাস। এ সিনেমায় গাজী আব্দুন নূর ও সোহানা সাবাকে জুটি হিসেবে দেখা যাবে।
অন্যদিকে অসম্ভব টিম সিনেমার প্রচারণায় ব্যস্ত। এরই মধ্যে শনিবার মুক্তি পেয়েছে সিনেমাটির প্রথম গান। যেখানে ‘আজি ঝরঝর মুখর বাদল দিনে’ গানে দেখা গেছে সোহানা সাবাকে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গানটি শেয়ার করেছেন অরুণা বিশ্বাস। ‘অসম্ভব’ সিনেমার গল্প নিয়ে সোহানা বলেন, ‘আমাদের সিনেমায় শাকিব খান নেই, কিন্তু শাকিব খান হলো আমাদের এ সিনেমার গল্প। আমাদের আন্তরিকতা, আমাদের সর্বোচ্চ চেষ্টা ও আমাদের অসম্ভবের অসম্ভব সুন্দর টিম স্পিরিট। আমরা আগামী ৩ নভেম্বর সিনেমা হলে আসছি সিনেমাটি নিয়ে। সবাইকে এটি দেখার আহ্বান।’
সিনেমায় সাবার চরিত্র নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এ সিনেমায় আমার চরিত্র হলো একটা মেয়ের জার্নি নিয়ে। তার কলেজে পড়াশোনা করার কিছু গল্প দেখানো হয়েছে এতে। বিয়ের পর ওই মেয়েটা একটা বাড়িতে আসে। পর্দায় ওই বাড়ির গল্পটা দেখানো হয়েছে। খুব গোছালো পারিবারিক গল্প, যেখানে নানা রকম সংকট রয়েছে। মানিকগঞ্জে খুব সুন্দর একটা পরিবেশে আমরা শুটিং করেছি। আর কিছু শুটিং ঢাকায় হয়েছে। মানিকগঞ্জের শুটিং মূলত অরুণা দিদির বাড়ির কাছেই ছিল। সব মিলিয়ে চমৎকার অভিজ্ঞতা।’
এ সিনেমায় প্রথমবারের মতো কবি অতুল প্রসাদ সেনের গান চিত্রায়িত হয়েছে। অতুল প্রসাদ সেন রচিত ‘মোদের গোরব মোদের আশা আমরি বাংলাভাষা’ গানটি সিনেমাটিতে দেখতে পারবেন দর্শক। এ ছাড়া এ সিনেমার মাধ্যমে কিংবদন্তি গীতিকবি ও চলচ্চিত্র পরিচালক গাজী মাজহারুল আনোয়ারের লেখা জীবনের শেষ গান ‘ও শাড়ি’ দেখার সৌভাগ্যও হবে ভক্তদের।










