আগামী ডিসেম্বরে শুরু হবে ‘বোহেমিয়ান ঘোড়া ২’-এর শুটিং। প্রথম কিস্তির মতো এবারো সিরিজটির নির্মাণে থাকছেন অমিতাভ রেজা। তবে নতুন সংযোজন হিসেবে সহনির্মাতা হিসেবে যুক্ত হচ্ছেন তার স্ত্রী মুশফিকা। সবকিছু ঠিক থাকলে সিরিজটি হতে যাচ্ছে এ দম্পতির প্রথম যৌথ ওয়েব সিরিজ নির্মাণ।

দেড় বছর আগে মুক্তি পেয়েছিল ‘বোহেমিয়ান ঘোড়া’র প্রথম কিস্তি। সাত পর্বের ওই কমেডি সিরিজের গল্পে ছিল এক ট্রাকচালক ও তার আট স্ত্রীকে ঘিরে নানা ঘটনা। সিরিজটিতে আব্বাস চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন মোশাররফ করিম। তার সঙ্গে অভিনয় করেছিলেন রোবেনা রেজা জুঁই, রুনা খান, তানজিকা আমিন, মৌসুমী হামিদ, সাদিয়া আয়মান, ফারহানা হামিদ, আসমা উল হুসনা ও সারাহ জেবিন।

দ্বিতীয় কিস্তির জন্য এরই মধ্যে অভিনয়শিল্পীদের শিডিউল মিলিয়ে নেয়ার কাজ চলছে। আগের কিস্তির বেশ কয়েকজন শিল্পীকে এবারো দেখা যাবে। পাশাপাশি নতুন কিছু মুখ যুক্ত হওয়ার সম্ভাবনাও রয়েছে।

3

বোহেমিয়ান ঘোড়া ওয়েব সিরিজের পোস্টার

স্ত্রী মুশফিকার সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে অমিতাভ রেজা বলেন, ‘সবচেয়ে বড় সুবিধা হলো, দুটি আলাদা মনন ও অভিজ্ঞতা একই কাজে যুক্ত হচ্ছে। মুশফিকার কাছ থেকে আমি নতুন ভাবনা ও ভিন্ন দৃষ্টিভঙ্গি পাই, যা আমার চলচ্চিত্রকে আরো সমৃদ্ধ করে। অন্যদিকে বাংলাদেশের চলচ্চিত্রাঙ্গনে কাজ করার অভিজ্ঞতা এবং এখানকার বাস্তবতা সম্পর্কে আমার যে ধারণা, সেটি মুশফিকার কাজে সহায়ক।’

তিনি আরো বলেন, ‘এ পারস্পরিক আদান-প্রদানই আমাদের একসঙ্গে কাজ করার মূল শক্তি। তবে একসঙ্গে কাজ করলেও আমাদের দুজনের নিজস্ব সৃজনশীল পরিচয় ও স্বকীয়তা অক্ষুণ্ন থাকবে।’

বিজ্ঞাপনচিত্র নির্মাণে আগে থেকেই একসঙ্গে কাজ করে আসছেন অমিতাভ ও মুশফিকা। ওয়েব সিরিজের পাশাপাশি সিনেমাতেও তাদের যৌথ পথচলা দেখা যাবে। আগামী বছর দুটি সিনেমা নির্মাণের পরিকল্পনা রয়েছে তাদের। তবে সেই সিনেমাগুলোর বিষয়ে আপাতত বিস্তারিত জানাতে চাননি তারা।