ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে হবে এ আয়োজন। দেশের ব্যান্ড সংগীত অঙ্গনের একাধিক পরিচিত শিল্পী এতে একসঙ্গে মঞ্চে পারফর্ম করবেন।
‘এক্স ফোর্স প্রেজেন্স’-এর পৃষ্ঠপোষকতায় ‘গেট অ্যাম্পড সিরিজ’ ও ‘পিকআপ পয়েন্ট কমিউনিকেশন’ যৌথভাবে আয়োজন করছে এ কনসার্ট। আয়োজকরা জানিয়েছেন, ‘আর্ক’ ব্যান্ডের ভোকাল সৈয়দ হাসানুর রহমান হাসানের প্রতি সম্প্রতি ঘটে যাওয়া অসম্মানজনক এক ঘটনার প্রতিবাদ জানানো এবং একই সঙ্গে মঞ্চে শিল্পীদের নিরাপত্তা ও স্বাধীনতার পক্ষে স্পষ্ট বার্তা দেয়াই এ কনসার্ট আয়োজনের মূল উদ্দেশ্য। আয়োজকদের ভাষ্যমতে, শুধু একটি ঘটনার প্রতিক্রিয়া হিসেবে নয়, বরং মঞ্চে শিল্পীদের প্রতি শ্রোতা-দর্শকের আচরণ কেমন হওয়া উচিত, সে বিষয়েও একটি বার্তা দিতে চান তারা এ আয়োজনের মধ্য দিয়ে।
৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান’ দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে অনুষ্ঠিত হয় ‘বর্ষা বিপ্লবের গান’ শীর্ষক কনসার্ট। সে আয়োজনে সংগীত পরিবেশন করছিলেন হাসান। পরিবেশনার একপর্যায়ে দর্শক সারি থেকে তাকে লক্ষ্য করে পানির বোতল ছুড়ে মারা হয়। ঘটনাটি সে সময় বেশ আলোচনার জন্ম দেয়। সংগীতাঙ্গনের বিভিন্ন মহল থেকে এর প্রতিবাদ জানানো হয়। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও তৈরি হয় ব্যাপক ক্ষোভ ও প্রতিক্রিয়া। অনেকেই তখন মঞ্চে শিল্পীদের নিরাপত্তা ও তাদের প্রতি দর্শকের আচরণ নিয়ে প্রশ্ন তোলেন।
সে প্রেক্ষাপট থেকেই ‘লাউড সিটি টেকওভার’ কনসার্টের ভাবনা আসে বলে জানিয়েছেন আয়োজকরা। এদিন মঞ্চে উঠবেন হাসান নিজে, তার ব্যান্ড ‘আর্ক’-কে সঙ্গে নিয়ে। তাদের সঙ্গে সংহতি জানিয়ে পরিবেশনায় অংশ নিচ্ছে দেশের আরো কয়েকটি ব্যান্ড—‘ক্রিপটিক ফেইট’, ‘কার্নিভাল’, ‘লেভেল ফাইভ’, ‘মেটাল এরর’ ও ‘আচার’। ব্যান্ডগুলোর পাশাপাশি একক শিল্পী হিসেবে মঞ্চে থাকছেন এ কে রাহুল এবং র্যাপার ব্ল্যাক জ্যাং। বিভিন্ন ধারার শিল্পী ও ব্যান্ডের এ সম্মিলন কনসার্টটিকে একটি বৃহত্তর সংহতি প্রকাশের মঞ্চ হিসেবেও গুরুত্ব দিচ্ছে বলে জানা গেছে।
আয়োজনস্থলের গেট দর্শকের জন্য খুলে দেয়া হবে কনসার্টের দিন বেলা ২টায়। বেলা সাড়ে ৩টায় শুরু হয়ে অনুষ্ঠান চলবে রাত সাড়ে ৯টা পর্যন্ত। অর্থাৎ প্রায় ৬ ঘণ্টাব্যাপী চলবে এ ব্যান্ড সংগীতের আসর।










