বর্ষা নিয়ে বাংলা সাহিত্যে বহু কবিতা আছে, গান আছে। সে বর্ষাই উদযাপন হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সংগীত বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায় উদযাপিত হয় বর্ষা উৎসব।
গতকাল সকাল ৯টায় এ উৎসবের উদ্বোধন করেন ঢাকা বিশ্বদ্যিালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার এবং প্রধান অতিথি ছিলেন পরিবেশবিদ মুকিত মজমুদার বাবু। বর্ষা উৎসবে সভাপতিত্ব করেন সংগীত বিভাগের চেয়ারম্যান ড. প্রিয়াংকা গোপ। এ উৎসবে প্রায় ২০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে কবিতা আবৃত্তি, গান ও নৃত্য পরিবেশনার মাধ্যমে বর্ষাকে বরণ করে নেন।
উৎসবে ড. প্রিয়াংকা গোপ ‘মিয়া কি মল্লার’ রাগ পরিবেশন করেন। শিক্ষার্থীরা প্রিয়াংকার কণ্ঠের এ গান বেশ মনোযোগ দিয়ে উপভোগ করেন।
বর্ষা উৎসব প্রসঙ্গে ড. প্রিয়াংকা গোপ বলেন, ‘বছরের ছয়টি ঋতুতেই আমাদের সংগীত বিভাগ বিভিন্ন উৎসবের আয়োজন করে থাকে। সে ধারাবাহিকতায় এবার ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা বর্ষা উৎসবের আয়োজন করেছে। সবচেয়ে ভালো লাগার বিষয় ছিল, উৎসবে বিভিন্ন সময়ে একটু পরপর বৃষ্টি হচ্ছিল। এ বৃষ্টিই যেন আমাদের বর্ষা উৎসবকে বরণ করে নিয়েছে।’
ড. প্রিয়াংকা গোপ জানান, সবার মাঝে প্রকৃতি ও জীবন সম্পর্কে সচেতনতা বাড়ানোই ছিল উৎসবের লক্ষ্য। শিক্ষার্থীদের এ আয়োজনে শিক্ষকরাও সঙ্গী হয়েছেন। তিনি শিক্ষার্থীদের এ উদ্যোগকে সাধুবাদ জানান এবং তাদের প্রশংসার পাশাপাশি অনুষ্ঠানে আগতদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমাদের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় জীবনের গণ্ডি পেরিয়ে আগামীতে নিশ্চয়ই অনেক ভালো কিছু করবে, এমনটাই আমাদের প্রত্যাশা। ধন্যবাদ বর্ষা উৎসবকে সফল করতে যারা কষ্ট করে এসেছিলেন তাদের প্রত্যেককে।’










