দেশের প্রথম মাল্টিপ্লেক্স সিনেমা হল স্টার সিনেপ্লেক্স আজ (৮ অক্টোবর) উদ্যাপন করছে পথচলার ২১ বছর পূর্তি। এ উপলক্ষে দর্শকদের জন্য বিশেষ উপহারের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানিয়েছে, আজকের দিনটি উদ্যাপন করতে সব শাখায়, সব শোতে, যেকোনো সিনেমার জন্য একটি টিকিট কিনলে দর্শকেরা আরেকটি টিকিট ফ্রি পাবেন।
২০০৪ সালে রাজধানীর বসুন্ধরা সিটি শপিংমলে যাত্রা শুরু করে স্টার সিনেপ্লেক্স। দুই দশকের বেশি সময় ধরে দেশের সিনেমা সংস্কৃতিতে নতুন মাত্রা যোগ করেছে প্রতিষ্ঠানটি।
দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে স্টার সিনেপ্লেক্সের মুখপাত্র মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘দর্শকেরাই স্টার সিনেপ্লেক্সের চালিকাশক্তি। আমাদের এই বিস্তৃতি সম্ভব হয়েছে তাদের ভালোবাসার কারণেই। দর্শক যেন নিরাপদ ও উন্নত পরিবেশে সিনেমা উপভোগ করতে পারেন, সেটাই আমাদের প্রধান লক্ষ্য।’
তিনি আরও বলেন, ‘আমরা বরাবরই দর্শকের চাহিদা ও প্রত্যাশা পূরণের চেষ্টা করছি। শুধু বিদেশী নয়, দেশীয় সিনেমাও যেন নিয়মিত হলে চলে—সেই প্রত্যাশায় কাজ করছি। আমরা চাই বাংলাদেশের ভালো সিনেমা দেখার জন্য সব সময় হলে ভিড় লেগে থাকুক।’
বর্তমানে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় স্টার সিনেপ্লেক্সের মোট ২২টি হল চালু রয়েছে। আরও কয়েকটি শাখার নির্মাণকাজ চলছে। আগামী বছরের মধ্যে হলসংখ্যা আরও বাড়বে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।










