আমাদের দেশের ইতিহাসের অন্যতম অংশ মুক্তিযুদ্ধ। সে সময় দেশ স্বাধীন করতে মরিয়া হয়ে উঠেছিল লক্ষাধিক মুক্তি সেনা। তাদের ত্যাগের বিনিময়ে আমরা আজ পরাধীনতার শিকল ভাঙতে পেরেছি। সে মুক্তিযুদ্ধের সংগ্রামের গল্প বারবার ফুটে উঠেছে আমাদের রুপালি পর্দায়। সাতজন মুক্তিযোদ্ধার গল্প নিয়ে খিজির হায়াত খান নির্মাণ করেছেন মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘ওরা ৭ জন’। গত মার্চে সিনেমাটি মুক্তির পর দর্শক টেনেছিল। ইউটিউবে সিনেমাটি আজ মুক্তির কথা ছিল। প্রচারণাও চালিয়েছিলেন নির্মাতা। কিন্তু তা পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছেন খিজির হায়াত খান। 

বর্তমান সময়ের প্রেক্ষাগৃহে সিনেমা মুক্তির পরই ওটিটি প্লাটফর্মগুলোয় স্ট্রিমিং শুরু হয়। আমাদের দেশের অনেক সিনেমাই প্রেক্ষাগৃহের চৌকাঠ পেরিয়ে ওটিটিতেও মুক্তি পেয়েছে। সে পথে না হেঁটে কেন ইউটিউবে সিনেমাটি মুক্তি দিতে চাচ্ছিলেন সে প্রসঙ্গে জানতে চাইলে নির্মাতা বলেন, ‘প্রথমে ওরা ৭ জন ওটিটিতে মুক্তি দেয়ার ইচ্ছা ছিল। কয়েক জায়গায় কথাও বলেছিলাম। তবে পরবর্তী সময়ে বিষয়টি সেভাবে এগোয়নি। আর সিনেমার রাইট আমি ওটিটিতে দেব ঠিক আছে, কিন্তু সে উপযুক্ত ফেয়ার ডিল আমি কোথাও পাইনি। দেশমাতৃকার প্রতি দায় থেকে ওরা ৭ জন নির্মাণ করেছিলাম। কিন্তু আফসোসের সঙ্গেই বলতে হচ্ছে মুক্তিযুদ্ধের এ সিনেমা নিয়ে আমি দেশের কোনো ওটিটি প্লাটফর্ম থেকে সাপোর্ট পাইনি। আমার মনে হয়েছিল ওটিটির জন্য অপেক্ষা করতে গিয়ে সিনেমাটা মানুষকে দেখাতে অনেক দেরি হয়ে যাবে। তাই সিদ্ধান্ত নিয়েছিলাম এটি ইউটিউবে উন্মুক্ত করব এবং আমাদের ইচ্ছা ছিল আজকেই সেটা করব। বিজয়ের এ মাসে দেশের সাধারণ মানুষের কথা ভেবেই আমরা নিজেদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে বিনামূল্যে অবমুক্ত করতে চাচ্ছিলাম।’

কিছুটা অভিমান নিয়ে ওরা ৭ জন ইউটিউবে উন্মুক্ত করতে চাইলেও সিদ্ধান্ত বদলের কারণ জানতে চাইলে এ নিয়ে নতুন খবর দিলেন নির্মাতা। তিনি জানান, বিশ্বব্যাপী অনলাইন প্লাটফর্মে মুক্তির জন্য একটি আন্তর্জাতিক ওটিটি প্লাটফর্ম আগ্রহ প্রকাশ করেছে। এ কারণেই আজ ইউটিউবে ওরা ৭ জন মুক্তি স্থগিত করেছেন তারা। খিজির হায়াত খান বলেন, ‘সিনেমাটি মুক্তির বিষয়ে আগ্রহ দেখিয়েছে একটি আন্তর্জাতিক ওটিটি প্লাটফর্ম। তাই এ মুহূর্তে সিনেমাটি ইউটিউবে মুক্তি পাচ্ছে না। তবে আমরা ওটিটিতে মুক্তির পর ইউটিউবেও মুক্তি দেব, এতে কোনো সন্দেহ নেই। দেশের মানুষের জন্যই আমরা মুক্তিযুদ্ধের এ সিনেমা নির্মাণ করেছি। শিগগিরই সিনেমাটি বিশ্বব্যাপী দর্শক দেখতে পাবে বলে আশা করছি।’

ওরা ৭ জনে সাতজন মুক্তিযোদ্ধা ও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, মম, ইমতিয়াজ বর্ষণ, সাইফ খান, খালিদ মাহবুব তূর্য, শাহরিয়ার ফেরদৌস সজীব, শিবা সানু, তাসনিম তাসফি, জয় রাজ, নাফিস আহমেদ, হামিদুর রহমান। এ সিনেমায় যে সাতজন মুক্তিযোদ্ধাকে দেখানো হবে, তাদের একজনের চরিত্রে অভিনয় করেছেন নির্মাতা খিজির হায়াত খান। 

আন্তর্জাতিক মহলেও প্রশংসিত হয়েছে সিনেমাটি। ভারতের অন্যতম চলচ্চিত্র উৎসব দাদাসাহেব ফালকে। ১৩তম দাদাসাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যালের আসরে অফিশিয়াল সিলেকশন ক্যাটাগরিতে সুযোগ পেয়েছে ওরা ৭ জন।

অন্যদিকে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে নিয়ে নির্মিত ‘অস্তিত্বে আমার দেশ’ খিজির হায়াত খান পরিচালিত প্রথম সিনেমা। এছাড়া ২০১০ সালে তিনি নির্মাণ করেন বাংলাদেশের প্রথম স্পোর্টস ফিল্ম ‘জাগো’। পরবর্তী সিনেমা নিয়ে জানতে চাইলে এ নির্মাতা বলেন, ‘‌আমি এখন ‘‌‘সাম্রাজ্য’’ নিয়েই ব্যস্ত আছি। আমার পরবর্তী সিনেমা এটি। গডফাদার ট্রিলজির আদলে তারই বাংলা ভার্সন হিসেবে নির্মাণ করতে চাইনি। এখন চিত্রনাট্য লিখছি।’ মুক্তিযুদ্ধ নিয়ে নতুন কোনো কাজ করছেন কিনা এ প্রসঙ্গে তিনি জানান, সাম্রাজ্যর কাজ শেষ করার পর ভিন্ন একটি পরিকল্পনা আছে তার। তবে সেটা সময়সাপেক্ষ, কারণ একটা আন্তর্জাতিক প্রজেক্ট করার কথা, যার একটা অংশ মুক্তিযুদ্ধ নিয়ে। তবে সেটা নিয়ে এখনই চূড়ান্তভাবে কিছু বলা যাচ্ছে না বলে জানান এ নির্মাতা।