যুক্তরাষ্ট্র দূতাবাসের আয়োজনে চলমান ‘আমেরিকা সপ্তাহ’র অংশ হিসেবে গত শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয় এ আয়োজন। আয়োজনে একই মঞ্চে গান পরিবেশন করেন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ব্যান্ড ট্রপিক লাইটনিং ব্রাস ব্যান্ড এবং বাংলাদেশের বাউলশিল্পী লাবিক কামাল গৌরব ও তার দল।
যুক্তরাষ্ট্র থেকে আসা ব্যান্ডটি পরিবেশন করে জনপ্রিয় কয়েকটি গান। এর সঙ্গে বাংলার লোকসংগীতের সুরের মূর্ছনা যোগ করেন লাবিক ও তার সহশিল্পীরা। দুই ভিন্ন দেশের দুই ভিন্ন ঘরানার সংগীতের এ মেলবন্ধনে দর্শকের মধ্যে দেখা যায় ভিন্নমাত্রার উচ্ছ্বাস। বাউল গানের সুরের সঙ্গে ব্রাস ব্যান্ডের বাদ্যযন্ত্রের সংমিশ্রণ ছিল উপস্থিত দর্শকের কাছে একেবারেই নতুন এক অভিজ্ঞতা। পুরো অনুষ্ঠানে দুই দেশের শিল্পীরা একসঙ্গে পরিবেশন করেন একাধিক গান, দর্শকের করতালি ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে মিলনায়তন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন, বিভিন্ন দেশের কূটনীতিক, সংস্কৃতিকর্মী, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা। চট্টগ্রাম, রাজশাহী ও সিলেটের পাশাপাশি ঢাকায়ও চলছে আমেরিকা সপ্তাহের নানা আয়োজন, যা চলবে ৭ জুলাই পর্যন্ত। সংগীতের কোনো ভাষা বা সীমান্ত নেই—এ বার্তা সামনে রেখেই যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উদযাপনে আয়োজন করা হয় এ বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। আয়োজকদের প্রত্যাশা, ভবিষ্যতেও দুই দেশের মধ্যে এমন সাংস্কৃতিক বিনিময় অব্যাহত থাকবে।










